চট্টগ্রামে ভোট সংগ্রহে পর্যটন মেলা
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহের লক্ষ্যে বন্দরনগর চট্টগ্রামে আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘বিনোদনে পর্যটন মেলা ২০১০’ শীর্ষক ১০ দিনব্যাপী মেলা। স্টেশন রোডের হোটেল সৈকত প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হবে। ‘ভোট ফর সুন্দরবন’ স্লোগানে মেলার আয়োজন করেছে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মিডিয়া রিফ্লেকশন। সহযোগিতায় থাকবে বাংলাদেশ পর্যটন করপোরেশন। গত রোববার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মিডিয়া রিফ্লেকশনের প্রধান সমন্বয়কারী মানজুরুল আলম।সংবাদ সম্মেলনে জানানো হয়, ধারাবাহিক মেলা আয়োজনের অংশ হিসেবে চট্টগ্রামে প্রথম এ মেলার আয়োজন করা হচ্ছে। এরপর পর্যায়ক্রমে ছয়টি বিভাগীয় শহরে এ ধরনের মেলা করার পরিকল্পনা রয়েছে। ১০ দিনের এ মেলায় ‘সাড়া দাও বাংলাদেশের’ সহযোগিতায় ভোট সংগ্রহ করা হবে। এ ছাড়া থাকবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পর্যটনবিষয়ক রচনা, চিত্রাঙ্কন, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে কনসার্ট এবং প্রবেশমূল্যের ওপর র্যাফেল ড্র। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে মেলা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মিডিয়া রিফ্লেকশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিশ্বাস এ মালিক, বাংলাদেশ পর্যটন করপোরেশনের কর্মকর্তা ফজলে কবীর ও সাইফুর রহমান। —নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম