চট্টগ্রামে মাধ্যমিক পরীক্ষার্থীদের অনলাইন নিবন্ধন কর্মশালা
ইলেকট্রনিক স্টুডেন্টস ইনফরমেশন ফরম। সংক্ষেপে ই-এসআইএফ। এটি হচ্ছে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন পদ্ধতি। এখন আর শিক্ষার্থীদের হাতে আবেদনপত্র পূরণ করার দরকার হবে না। নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকেরা যাবতীয় তথ্য সংগ্রহ করে অনলাইনে সব তথ্য জমা দেবেন। আর সেগুলো জমা হবে বোর্ডের নিজস্ব সার্ভারে। এভাবেই নিবন্ধন-প্রক্রিয়া শেষ হবে। ২০১৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের নিবন্ধন এভাবেই হচ্ছে অনলাইনে। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন বিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের নবম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন কার্যক্রম নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার জেলায় প্রশিক্ষণ শেষ হয়েছে। গত দুই দিনে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণের বিদ্যালয়গুলোর শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করেছি। আশা করছি, ঈদুল আজহার পরই আমরা নিবন্ধনকাজ শুরু করতে পারব। পত্রিকার মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।’ প্রশিক্ষণ কর্মশালায় কারিগরি সহযোগিতা দিয়েছে টেলিটক কর্তৃপক্ষ। —নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম