আনিকা ফেরদৌস, জাহিদ আনোয়ার ও জাহেদ আলম। তিন বন্ধু। তিনজনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ল্যাপটপ কিনতে মেলায় এসেছেন। জাহিদ জানালেন, ‘আমরা আসলে এত দিন অপেক্ষায় ছিলাম। চট্টগ্রামে কোনো একটা মেলা হলে সেখান থেকেই আমরা ল্যাপটপ কিনব। কারণ মেলায় দেখেশুনে এবং কিছুটা হলেও কম দামে পণ্য কেনা যায়।’ গতকাল সোমবার চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ল্যাপটপ মেলা প্রাঙ্গণ সরেজমিনে ঘুরে বিভিন্ন বয়সী দর্শনার্থীর সমাগম দেখা যায়। মেলার দ্বিতীয় দিনে সকালের দিকে শিক্ষার্থীদের আনাগোনা বেশি ছিল। বিকেলে দর্শনার্থীদের চাপ বাড়তে থাকে। ব্যাংক কর্মকর্তা আসিফ শাহেদ কিনেছেন অ্যান্টি ভাইরাস। এ ছাড়া তিনি বিভিন্ন সফটওয়্যারের খোঁজে এসেছেন এখানে। আজ মেলার শেষ দিন। আজ রয়েছে র্যাফেল ড্র, ফ্যাশন শো ও কুইজ ইত্যাদি। মেলা চলবে রাত নয়টা পর্যন্ত।‘প্রযুক্তির আলোয় বদলে দেব বাংলাদেশ’ স্লোগানে তিন দিনের ল্যাপটপ মেলা শুরু হয় গত রোববার। এর আয়োজন করেছে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্রিয়েশন অ্যান্ড ওয়ার্কস। মেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে ছাত্র, পেশাজীবী, কর্মজীবী, কৃষক সবার হাতে ল্যাপটপ পৌঁছে দিতে হবে। তিনি ল্যাপটপকে মুঠোফোনের মতো মানুষের নিত্যসঙ্গীতে পরিণত করার আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি এস এম ইকবাল, আমরা করব জয়ের ব্যবস্থাপনা পরিচালক শওকত বাঙালি, রিগোরাস টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা জালাল হক, ক্রিয়েশন অ্যান্ড ওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাদাত হোসেন ও পরিচালক সাজ্জাত হোসেন প্রমুখ। এ মেলায় ২০টি স্টল ও চারটি প্যাভিলিয়ন রয়েছে। মেলায় অংশ নিচ্ছে খান জাহান আলী কম্পিউটারস, ইনডেক্স আইটি, কম্পিউটার সোর্স, কম্পিউটার ভিলেজ, রিশিত কম্পিউটারস, তিলোত্তমা কম্পিউটারস, কেনটাব আইটি, কেনটাব সফট, শিলডিলাক্স, নিউ হরাইজনস ও ওয়ান লিংক কম্পিউটারস। মেলায় ল্যাপটপ এবং অ্যান্টি ভাইরাস সফটওয়্যারে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। কোনো স্টলে উপহারও আছে। —নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম অফিস