চট্টগ্রামে ল্যাপটপ মেলার শেষ দিনটিও জমজমাট
সকাল থেকেই ভিড়। রাত পর্যন্ত সেই রেশ ছিল। ক্রেতা-বিক্রেতা সবার মধ্যেই ছিল শেষ মুহূর্তের ব্যস্ততা। দুই মেয়েকে নিয়ে ল্যাপটপ কম্পিউটারের মেলায় আসা স্কুলশিক্ষিকা মাহমুদা আক্তার জানালেন, ‘মেয়েদের জন্য ল্যাপটপ কিনতে এসেছি। কিন্তু একে তো প্রচণ্ড গরম। তার ওপর ভিড়!’ গতকাল শনিবার চট্টগ্রামের জিমনেশিয়ামে ল্যাপটপ মেলার শেষ দিনটিও ছিল জমজমাট।মেলার দ্বিতীয় দিন গত শুক্রবার ‘তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সক্ষমতা’ শিরোনামে সেমিনারের আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ পড়েন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘আমাদের দেশে কখনো এ ধরনের শিক্ষাব্যবস্থার কথা ভাবা হয়নি। কিন্তু বর্তমান বাস্তবতায় এ নিয়ে চিন্তাভাবনার সময় এসেছে এবং সেভাবেই শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।’ আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু জাফর চৌধুরী, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসানসহ অনেকে। গতকাল মেলার শেষ দিনের আয়োজনে ছিল জাদু প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ। —চট্টগ্রাম অফিস