চট্টগ্রামে শুরু হচ্ছে কম্পিউটার ও মোবাইল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শুক্রবার বন্দরনগর চট্টগ্রামে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী কম্পিউটার ও মোবাইল মেলা। নগরের জিইসি মোড়ের ইউনেসকো সিটি সেন্টারের কম্পিউটার ব্যবসায়ী সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় থাকছে এসার, এইচপি, ডেল, সনি, ম্যাক, ফুজিত্সু, স্যামসাংসহ বিশ্বখ্যাত নানা তথ্যপ্রযুক্তি পণ্যের সমাহার। গতকাল বুধবার ইউনেস্কো সিটি সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ কামরুল হাসান সিদ্দিকী এসব তথ্য জানান। তিনি বলেন, আগামীকাল বিকেল সাড়ে চারটায় মেলা উদ্বোধনের পর মেলা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এতে অংশ নিচ্ছে স্থানীয় বিভিন্ন কম্পিউটার পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান। এছাড়াও মেলায় মোবাইলের সার্ভিস সেন্টারে প্রযুক্তিসেবা পাওয়া যাবে।মেলায় কোনো প্রবেশমূল্য থাকছে না। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মেলা উদ্যাপন কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুল মতিন, প্রচার সম্পাদক এ এফ এম মুবিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনছুর আলম চৌধুরী, কম্পিউটার সোর্স লিমিটেডের বিজনেস ম্যানেজার দেবাশীষ মজুমদারসহ অনেকে। মেলার মূল পৃষ্ঠপোষক কম্পিউটার সোর্স লিমিটেড। এ ছাড়া মেলা উপলক্ষে নানা রকম অফার ও বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। মেলায় বিভিন্ন প্রযুক্তিপণ্যের সঙ্গে কুপন দেওয়া হবে, যাতে থাকবে আকর্ষণীয় পুরস্কার।—নিজাম হায়দার সিদ্দিকী, চট্টগ্রাম অফিস