চট্টগ্রামে শুরু হচ্ছে ডিজিটাল মেলা
চট্টগ্রামে শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তি মেলা। ‘বাংলালায়ন চট্টগ্রাম ডিজিটাল এক্সপো ২০১০’ নামের এ মেলায় থাকছে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির নানা আয়োজন। চট্টগ্রামের উডল্যান্ড পার্কে অনুষ্ঠিত তিন দিনের এ মেলা শুরু হচ্ছে ২২ ডিসেম্বর। মেলার নানা বিষয় নিয়ে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন মেলার আয়োজক ইনপেইস ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল আহসান, বাংলালায়ন কমিউনিকেশনস লিমিটেডের প্রধান বিপণন কর্মকর্তা আব্রাহাম কায়কোবাদ, প্রধান মিডিয়া ও কমিউনিকেশন কর্মকর্তা জি এম ফারুক খান এবং স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন। সম্মেলনে জানানো হয়, চট্টগ্রামে অবস্থিত স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি সম্পর্কে আরও বিস্তারিত ধারণা দেওয়ার উদ্দেশ্যে এ মেলার আয়োজন করা হচ্ছে। মেলায় বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের ব্যবস্থা নেওয়া হয়েছে। তা ছাড়া সর্বাধুনিক সব প্রযুক্তি এবং সব ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যার সরবরাহে চট্টগ্রাম যে এখন স্বয়ংসম্পূর্ণ, তা চট্টগ্রামবাসীকে জানানো এই মেলা আয়োজনের আরেকটি মূল উদ্দেশ্য। মেলায় দর্শনার্থীদের জন্য থাকছে প্রযুক্তিভিত্তিক কুইজ প্রতিযোগিতা, উপহার এবং বিশেষ মূল্যছাড়ের ব্যবস্থা। মেলা প্রাঙ্গণে বিনা মূল্যে তারবিহীন ইন্টারনেট ব্যবহার করা যাবে। এ ছাড়া দর্শনার্থীদের জন্য থাকছে গেম খেলা ও ইন্টারনেট ব্যবহারের সুবিধা।মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। মেলার প্রবেশমূল্য ১০ টাকা এবং থাকছে বিশেষ র্যাফেল ড্র। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনা মূল্যে মেলায় প্রবেশের সুযোগ পাবে। মেলার পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে বাংলালায়ন, হিউলেট প্যাকার্ড (এইচপি) ও ই-স্ক্যান অ্যান্টিভাইরাস। —নিজস্ব প্রতিবেদক