চট্টগ্রামে শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্দরনগর চট্টগ্রামে শুরু হচ্ছে তথ্যপ্রযুক্তি মেলা। ১৬ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামের মুরাদপুরের উডল্যান্ড পার্কে শুরু হবে তিন দিনের এ মেলা। জুম চট্টগ্রাম আইসিটি ফেয়ার-২০১০ নামের এ মেলার আয়োজন করছে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইনপেস ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড। গত বৃহস্পতিবার ঢাকার একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় মেলার নানা দিক নিয়ে কথা বলেন ইনপেস ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান। তিনি জানান, তিন বছর ধরে চট্টগ্রামে এ মেলার আয়োজন হচ্ছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ মেলায় ৩০টি স্টলে অংশ নেবে বিভিন্ন প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান। মেলায় সিটিসেলের প্যাভিলিয়নে বিশেষ মূল্যে সিটিসেল জুম ইন্টারনেট সংযোগ কিনতে পাওয়া যাবে। মেলা প্রাঙ্গণে বিনা মূল্যে তারহীন উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করা যাবে। তথ্যপ্রযুক্তির এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত খোলা থাকবে। মেলার প্রবেশমূল্য ধরা হয়েছে ১০ টাকা। তবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনা মূল্যে মেলায় প্রবেশ করতে পারবে। সম্মেলনে আরও বক্তব্য দেন সিটিসেলের পরিচালক (কারিগরি এবং করপোরেট বিষয়াবলি) মাহফুজুর রহমান, পণ্য বিপণনের ব্যবস্থাপক শরীফ আবদুল্লাহ ফয়সাল। —মোছাব্বের হোসেন