চট্টগ্রামে শেষ হলো উদ্যোক্তা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শুক্রবার চট্টগ্রামে শেষ হলো তিন দিনের উদ্যোক্তা উৎসব। চট্টগ্রাম শিশু একাডেমীতে অনুষ্ঠিত ‘টেলিটক উদ্যোক্তা উৎসব’ শীর্ষক এ আয়োজনে উদ্যোক্তারা নিজেদের পণ্য প্রদর্শন করেন। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও ফেসবুকভিত্তিক গ্রুপ ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ (fb.com/groups/uddokta) গ্রুপের চট্টগ্রাম চ্যাপ্টার উদ্যোগে আয়োজিত উৎসবে ছিল তথ্যপ্রযুক্তিনির্ভর নানা উদ্যোগ প্রদর্শনী, কর্মশালা, সেমিনারসহ দিনব্যাপী নানা আয়োজন। উৎসবে ২৫টি স্টলে তথ্যপ্রযুক্তি পণ্য, খাবার, পোশাকের পাশাপাশি নানা ধরনের পণ্য প্রদর্শিত হয়। মেলার প্রথম দিনে প্রদর্শনীর পাশাপাশি অনুষ্ঠিত হয় ফ্রিল্যান্সিং সম্মেলন। ছিল প্রোগ্রামিং আড্ডা। নারী উদ্যোক্তাদের জন্য ইন্টারনেট মার্কেটিংবিষয়ক কর্মশালা, ব্যবসা উদ্যোগ শুরু ও চালিয়ে নেওয়া এবং উদ্যোক্তাদের জন্য ই-মার্কেটিংবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয় দ্বিতীয় দিন। মেলার শেষ দিন গতকাল ছিল চট্টগ্রামের নতুন উদ্যোক্তাদের চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল বৈঠক। বৈঠকে বক্তারা নতুন নতুন উদ্যোগ তৈরি ও বিকাশে গুরুত্ব দেন। বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, ‘তরুণদের উদ্যোক্তা হিসেবে ক্যারিয়ার নির্মাণে আগ্রহী করে তোলার জন্যই ছিল এমন আয়োজন।’ —নিজস্ব প্রতিবেদক