চট্টগ্রামে সিএনজি অটোরিকশার ডেটাবেইস হালনাগাদ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজি অটোরিকশা চুরি ও অটোরিকশার মাধ্যমে ছিনতাইসহ অন্যান্য অপরাধ বন্ধে চালক ও মালিকদের কম্পিউটার ডেটাবেইস হালনাগাদের কাজ শুরু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। জানা গেছে, বিভিন্ন সময়ে সিএনজির মালিকানা ও চালক পরিবর্তন হওয়ায় পুরোনো তথ্য (ডেটা) অনুসরণ করে অপরাধী শনাক্ত করা সম্ভব হয় না। তাই এ হালনাগাদের ওপর জোর দেওয়া হচ্ছে। অটোরিকশার মালিক ও চালকদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে সদরঘাট ট্রাফিক অফিসে যোগাযোগ নির্ধারিত আবেদন পূরণ করতে অনুরোধ জানানো হয়েছে। আবেদনপত্রে অটোরিকশার চালক ও মালিকের নাম, ঠিকানা, মোবাইল ফোনের নম্বর, ইঞ্জিন ও চেসিস নম্বর, সর্বশেষ চালকের নামসহ বিস্তারিত তথ্য থাকবে। মহানগর পুলিশের উপকমিশনার (যানবাহন) ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ডেটাবেইস হালনাগাদ না থাকার কারণে কোনো সিএনজি হারিয়ে গেলে বা ওই সিএনজির মাধ্যমে কোনো অপরাধ সংঘটিত হলে সেটি খুঁজে পাওয়া বা চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে। তাই নতুন করে ডেটাবেইস হালনাগাদ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।’ তিনি আশা করেন, আগামী ২০ নভেম্বরের মধ্যে হালনাগাদ কাজ শেষ করা সম্ভব হবে। এতে অপরাধী চিহ্নিত করতে আর বেগ পেতে হবে না। আর অটোরিকশা চুরি, ছিনতাই রোধের পাশাপাশি আমরা অটোরিকশায় কোনো যাত্রীর মালামাল খোয়া গেলে তারও সন্ধান দিতে পারব। এ জন্য দরকার হবে অটোরিকশার নম্বরটি। ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ২০০৮ সালে প্রথম চট্টগ্রাম মহানগরে চলাচলকারী ১৩ হাজার অটোরিকশার মালিক ও চালকদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে ডেটাবেইস তৈরি করা হয়। এই তথ্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কম্পিউটার সার্ভারে সংরক্ষণকরা হয়।—নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম অফিস