চট্টগ্রামে সুন্দরবনের জন্য ভোট উৎসব
বন্দরনগর চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে গত শনিবার ‘প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে বিজয়ী করতে করণীয়’ শীর্ষক সেমিনার ও ভোট উৎসবের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে এভারেস্টজয়ী দ্বিতীয় বাংলাদেশি এম এ মুহিতকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। এ অনুষ্ঠানের আয়োজক ছিল বাংলাদেশ প্যাট্রিয়টিক ইয়ুথ ফোরাম ও বাংলাদেশ ওয়ান্ডার্স প্রমোশন ফাউন্ডেশন। বাংলাদেশ ওয়ান্ডার্স প্রমোশন ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ আতা উল্লাহ খানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি সুন্দরবন-সমর্থক জাতীয় সমন্বয় কমিটির কো-চেয়ারম্যান হারুন অর রশিদ। প্রধান আলোচক ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকন উদ্-দৌলা। সেমিনারে মূল প্রবন্ধ পড়েন মুহাম্মদ বোরহান উদ্দীন খান। অনুষ্ঠানে শেফ টমি মিয়া, চলচ্চিত্রের অভিনয়শিল্পী শাহনুর, বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক এম মনোয়ারুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা উত্তম কুমার সাহা, ফুলকলির পরিচালক মুজিবুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা সুন্দরবনকে বিজয়ী করার লক্ষ্যে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে ভোট সংগ্রহের কাজে সম্পৃক্ত করার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনসহ গণমাধ্যম, মুঠোফোনের প্রতিষ্ঠানগুলোকে প্রচারণার কাজে যুক্ত করার কথা বলেন। —নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম অফিস