চট্টগ্রামে সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহ
প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে বাংলাদেশের সুন্দরবন বর্তমানে সেরা ২৮টি স্থানের একটি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের প্রচার কার্যক্রমকে এগিয়ে নিতে ‘সাড়া দাও বাংলাদেশ’ ভোট সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। সম্প্রতি চট্টগ্রামের পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ে সুন্দরবনকে ভোট দেওয়ার জন্য একটি ভোটদান কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি দাশ বলেন, ‘চূড়ান্ত প্রতিযোগিতায় আমাদের দেশের প্রতিনিধিত্ব করছে সুন্দরবন। আর তাই এখন সবার সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে জয়ী করতে হবে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া উন্নয়ন ফোরামের আহ্বায়ক অধ্যাপক হারুনুর রশিদ, সুমন কান্তি নাথ, রশীদ এনাম, কাজী সোহেল, আবদুর রাজ্জাকসহ অনেকে। এ কার্যক্রমে সহযোগিতা করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং পটিয়া গাইডেন্স কোচিং সেন্টার। —মিল্টন দাশ, চট্টগ্রাম