চট্টগ্রামে হবে প্রথম বাংলা উইকি অসম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো চট্টগ্রামে হতে যাচ্ছে বাংলা উইকিপিডিয়ার অসম্মেলন। মাতৃভাষা সংগ্রামের ৬০ বছর পূর্তিতে ২ ও ৩ মার্চ চট্টগ্রামের ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এই আয়োজন। ‘বাংলা উইকিপিডিয়া অসম্মেলন ২০১২’ শিরোনামের এ অসম্মেলনের যৌথ আয়োজক চট্টগ্রামের ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং উইকিমিডিয়া বাংলাদেশ। আয়োজক কমিটির আহ্বায়ক ও উইকিপিডিয়া বাংলাদেশের সভাপতি মুনির হাসান জানান, জনমানুষের বিশ্বকোষ উইকিপিডিয়ার (http://wikipedia.org) বাংলা উদ্যোগকে আরও সমৃদ্ধ ও এগিয়ে নেওয়ার জন্য এই আয়োজন করা হয়েছে। তরুণ প্রজন্মের ক্ষুদ্র একটা অংশের হাত ধরে বাংলা উইকিপিডিয়ার (http://bn.wikipedia.org) সূচনা হয় ২০০৪ সালে। বর্তমানে বাংলা ভাষার সবচেয়ে বড় ওয়েবসাইট হচ্ছে বাংলা উইকিপিডিয়া। তবে দুঃখের বিষয়, পৃথিবীর মোট জনগোষ্ঠীর একটা বড় অংশ বাংলা ভাষাভাষী হলেও বাংলা উইকিপিডিয়ার নিবন্ধের সংখ্যা মাত্র ২২ হাজার এবং এখনো মানসম্মত নিবন্ধের সংখ্যা সন্তোষজনক নয়। উইকিপিডিয়ার মাধ্যমে ইন্টারনেটে সময় কাটানো আগামী প্রজন্ম অথবা প্রবাসে বেড়ে ওঠা কিশোর-কিশোরীরা জানতে পারবে আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির কথা। এই তাগিদ থেকে বাংলা উইকিপিডিয়া অসম্মেলন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, দুই দিনের বিভিন্ন কর্মসূচিতে থাকছে উইকিপিডিয়া এবং ওপেন সোর্সবিষয়ক বিভিন্ন সেমিনার, কর্মশালা, মুক্ত আলোচনা, কুইজ ও রচনা প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ নিবন্ধনের মাধ্যমে এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবে। বিস্তারিত জানা যাবে www.bnwiki2012.org ঠিকানার ওয়েবসাইটে। —নিজস্ব প্রতিবেদক