চট্টগ্রামে হয়ে গেল ডিজিটাল উদ্ভাবনী মেলা
ব্লাইন্ড সাপোর্ট সিস্টেম। বিশেষ ধরনের হেলমেটের মতো দেখতে এক চশমা। এটা পরে নির্বিঘ্নে পথ চলতে পারবেন অন্ধজন। সামনে কোনো বাধা থাকলে তা-ও আগেভাগে এটি বলে দেবে সংযুক্ত হেডফোনের মাধ্যমে।
ধসে পড়া ভবন কিংবা দুর্গম স্থানে ‘অ্যান্ড্রোবট’ পাঠিয়ে জানা যাবে তথ্য। ‘রেসকিউ রোবট’ চালাবে অগ্নিকাণ্ড থেকে উদ্ধারকাজ। কিংবা আপনার বাসার দেয়ালে রং করতে রংমিস্ত্রির বিকল্প হিসেবে আপনি ব্যবহার করতে পারেন ‘অটোমেটিক পেইন্ট’ রোবট। এমন সব দরকারি ও চমকপ্রদ প্রযুক্তির সমাহারে চট্টগ্রামে হয়ে গেল ডিজিটাল উদ্ভাবনী মেলা। চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ও মিডিয়াগ্রাফির ব্যবস্থাপনায় এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে তিন দিনব্যাপী এ মেলা ১৬ মার্চ শেষ হয়েছে।
মেলার সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির পরিচালক কবির বিন আনোয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নান। তিন দিনের এ মেলায় চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, ব্যাংক, বিশ্ববিদ্যালয়, ইউনিয়ন তথ্যকেন্দ্র, মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানসহ মোট ৬০টি সরকারি-বেসরকারি স্টল অংশগ্রহণ করে।
এর মধ্যে অভিনব সব প্রকল্প তৈরি করে ‘উদ্ভাবনী’ বিভাগে সেরা স্টল হিসেবে বিশেষ সম্মাননা পুরস্কার পায় চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দুটি স্টল।
চুয়েটের শিক্ষার্থীদের উল্লেখযোগ্য প্রকল্পগুলো হলো ব্লাইন্ড সাপোর্ট সিস্টেম, অ্যান্ড্রোবট, রেসকিউ রোবট, অটোমেটিক পেইন্ট রোবট, স্মার্ট হোম, অটোমেটিক পজ সিস্টেম, আরএফআইডি বেইসড সিকিউরিটি সিস্টেম, ডায়নামিক ম্যাপিং সিস্টেম, ডিজিটাল ব্লাড প্রেশার মিটার, রিয়েল টাইম ডেটা লগার, শট সার্কিট গেমস ইত্যাদি। এ ছাড়া প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রকল্পগুলোর মধ্যে ছিল—জেসচার বেইজড রোবোটিক আর্ম, অ্যানোমিটার, স্পাই রোবট ইত্যাদি। মেলায় অন্যান্য বিভাগে সম্মাননা পেয়েছে চট্টগ্রাম বন্ধর কর্তৃপক্ষ, জননী কম্পিউটার্স, আমরা নেটওয়ার্ক, স্মাইল বিডি ও অগ্রণী ব্যাংক।
—চুয়েট প্রতিনিধি