চট্টগ্রামে হয়ে গেল সাইবার গেমসের প্রাথমিক পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাজি মুহসীন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মো. সাইফুল আবেদীন এবারই প্রথম সাইবার গেমস প্রতিযোগিতায় অংশ নিয়েছে। খেলছে ফিফা ১০। খেলায় জেতা ও হারা যাই হোক, এবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও ভালো খেলার কথা জানায় সে। গতবারের চ্যাম্পিয়ন দশম শ্রেণীর শিক্ষার্থী সৈয়দ রেজোয়ান খেলছে এনএফএস মোস্ট ওয়ান্টেড নিয়ে। গতবার চতুর্থ হয়েছে সানশাইন স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী আহমেদ সালমান ওয়াকার খান। সেও এবার এগিয়ে যাওয়ার লক্ষ্যে লড়ছে। গতকাল শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত বিশ্ব সাইবার গেমসের (ডব্লিউসিজি) বাংলাদেশ অংশের প্রাথমিক পর্বের শেষ দিনটি তীব্র প্রতিযোগিতা পূর্ণ। নগরের প্রবর্তক মোড়ের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই দিনের এই প্রতিযোগিতা শুরু হয় গত শুক্রবার। এতে ফিফা ১০ ও এনএফএস মোস্ট ওয়ান্টেড গেমে ২৫০ জন প্রতিযোগী অংশ নিয়েছে। এদের মধ্য থেকে দুটি খেলায় একজন করে চ্যাম্পিয়নসহ দুজন বিজয়ী ঢাকায় অনুষ্ঠেয় সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে। বিশ্ব সাইবার গেমস বাংলাদেশ অংশের জ্যেষ্ঠ নির্বাহী মো. মেরাজুল ইসলাম জানান, বিভিন্ন বিদ্যালয়, ফেসবুক ইত্যাদিতে প্রচারণা চালানো হয়েছিল। ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রতিযোগিতা করার কথাও জানান তিনি।চট্টগ্রামের এই প্রাথমিক পর্বের প্রতিযোগিতা এনএফএস মোস্ট ওয়ান্টেড গেমে চ্যাম্পিয়ন হয়েছেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিফাত-উস সাবিন এবং রানার আপ কর্ণফুলী পাবলিক স্কুলের মো. সাকিব ইমরান।ফিফা ১০-এ চ্যাম্পিয়ন ও রানার আপ হয়েছেন যথাক্রমে চট্টগ্রাম কলেজের ওয়ালিদ আমিন ও চট্টগ্রাম মেডিক্যালকলেজের ফারহান নাভিদ।প্রতিযোগিতার আয়োজন করে এফ ওয়ান আইটি ম্যানেজমেন্ট। সহযোগী ছিল মোজো, ইনটেল, গিগাবাইট ও স্যামসাং।প্রাথমিক পর্যায়ের পর ঢাকায় বাংলাদেশ বাছাই পর্বের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা হবে।এতে বিজয়ীরা চলতি বছরের বিশ্ব সাইবার গেমসের চূড়ান্ত পর্বে অংশ নিতে পারবেন। —নিজাম হায়দার সিদ্দিকী, চট্টগ্রাম