চট্টগ্রামে হয়ে গেল স্মার্টফোন মেলা

ক্রেতা-দর্শনার্থীদের ভিড় আর কেনাকাটার মধ্য দিয়ে গতকাল শনিবার রাতে চট্টগ্রামে শেষ হলো স্মার্টফোন ও ট্যাব মেলা। নগরের হল টোয়েন্টিফোর কনভেনশন সেন্টারে শুক্রবার এই মেলার উদ্বোধন করা হয়েছিল।
পাঁচবার ঢাকায় মেলা আয়োজনের পর চট্টগ্রামে এই মেলার আয়োজন করে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সপো মেকার। শনিবার মেলার দ্বিতীয় দিনে সকাল থেকেই মেলায় ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো। মেলায় অংশ নেওয়া মোবাইল ফোন ব্র্যান্ডগুলোয় নানা ছাড় আর অফারের প্রতি ঝোঁক ছিল আগত তরুণ-তরুণীদের।
কলেজছাত্র শহীদ রেজা বলেন, ‘মেলায় অনেক নতুন নতুন ফোন এবং ট্যাব এসেছে। যদি সাধ্যের মধ্যে হয় তাহলে কিনব। আগে ঘুরে দেখি।’ এবারের মেলায়ও বরাবরের মতোই বিশ্বখ্যাত ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট বিক্রি করেছে। স্যামসাং, উই, সিম্ফনি, হুয়াওয়ে, আসুস, শাওমি, গ্যাজেট গ্যাং সেভেন, ওয়ান প্লাস, লাভা, ইউসিসি, ট্রানসেন্ড, আপনজন ডটকমসহ বিভিন্ন ব্র্যান্ড অংশ নিয়েছিল।
এক্সপো মেকারের পরিচালনা বিভাগের প্রধান নাহিদ হাসনাইন সিদ্দিকী বলেন, ‘প্রথমবারের মতো চট্টগ্রামে স্মার্টফোন ও ট্যাব মেলায় আমরা ভালো সাড়া পেয়েছি। ব্র্যান্ডগুলোও নানা অফার আর ছাড়ে পণ্য বিক্রি করতে পেরেছে। আমরা আশা করছি, ভবিষ্যতেও চট্টগ্রামে স্মার্টফোন ও ট্যাব মেলা আয়োজন করতে পারব।’
চট্টগ্রামের টেকশহরডটকম স্মার্টফোন ও ট্যাব মেলায় মোট ১১টি প্যাভিলিয়ন ও ১৮টি স্টলে ব্র্যান্ডগুলো অংশ নিয়েছিল।
এবারের মেলার পৃষ্ঠপোষকতায় ছিল দেশের আইসিটি ও টেলিকম-বিষয়ক শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল টেকশহরডটকম এবং পাওয়ার্ড বাই স্যামসাং। সহ-পৃষ্ঠপোষকতায় ছিল হুয়াওয়ে, সিম্ফনি ও উই। এ ছাড়া সহযোগী হিসেবে রয়েছে এডুমেকার এবং পিপলস রেডিও।