চট্টগ্রামে ১১ নভেম্বর ডিজিটাল উদ্ভাবনী মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মিলনায়তনে ১১ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা’। এর আয়োজন করছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প। গতকাল সোমবার দুপুরে নগরের সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এটুআইয়ের প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) নুরুল ইসলাম, মেলা উদ্যাপন কমিটির সমন্বয়কারী ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আলেফ উদ্দিন। সিরাজুল হক খান বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠন এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন নতুন উদ্ভাবনকে মেলায় তুলে ধরা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় ২৭টি সরকারি সংস্থা ও ১০টি বেসরকারি প্রতিষ্ঠানের মোট ৪৪টি স্টল থাকবে। এ ছাড়া মেলায় সংবাদকর্মীদের জন্য মিডিয়া সেন্টারের ব্যবস্থা রাখা হবে। উদ্বোধনের দিন বেলা আড়াইটা থেকে রাত আটটা এবং ১২ ও ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় তথ্যপ্রযুক্তিবিষয়ক সেমিনার এবং তিন পার্বত্য জেলা, শিল্পকলা একাডেমী ও ইউসেপের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। —নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম অফিস