চট্টগ্রামে ৬ মে থেকে ল্যাপটপ মেলা শুরু
বন্দর নগর চট্টগ্রামে শুরু হচ্ছে ‘চট্টগ্রাম ল্যাপটপ মেলা-২০১০’। ‘লাইট-আপ দ্য টেকনোলজিক্যাল লাইট’ স্লোগান নিয়ে চট্টগ্রামে তৃতীয়বারের মতো এই ল্যাপটপ মেলার আয়োজন করা হয়েছে। তিন দিনের মেলা ৬ থেকে ৮ মে চট্টগ্রামের জিমনেশিয়ামে অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার মেলার প্রাক্কালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণদের তথ্যপ্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে পারলেই দেশ এগিয়ে যাবে। তরুণদের কাছে ল্যাপটপ সবচেয়ে চাহিদাসম্পন্ন প্রযুক্তিপণ্য। চট্টগ্রামে ল্যাপটপ মেলা আয়োজনের কারণ হিসেবে আয়োজকেরা বলেন, প্রযুক্তিপণ্যের বিক্রি ঢাকামুখী। এটা সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে মেলার আয়োজন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা আমান আশরাফ, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এ এস এম আবদুল ফাত্তাহ, এইচপি বাংলাদেশের স্থানীয় ব্যবসায়িক ব্যবস্থাপক ইমরুল হোসেন, স্যামসাংয়ের তথ্যপ্রযুক্তির বিক্রয় ও বিপণন ব্যবস্থাপক সাইদুর রহমানসহ অনেকে।তিন দিনের ল্যাপটপ মেলায় মোট ছয়টি প্যাভিলিয়ন, ১০টি মিনি প্যাভিলিয়ন ও সাতটি স্টল থাকবে। মেলা খোলা থাকবে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। মেলায় প্রবেশ মূল্য ১০ টাকা। মেলায় প্রতিদিন থাকবে কুইজ প্রতিযোগিতা, র্যাবফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।চট্টগ্রামের ল্যাপটপ মেলার আয়োজক মেকার কমিউনিকেশন। এবারের ল্যাপটপ মেলায় প্রথমবারের মতো প্রধান স্পনসর হিসেবে আছে গ্রামীণফোন। সহযোগী স্পনসর আসুস, এইচপি, লেনেভো ও স্যামসাং। মেলায় প্রযুক্তি সহায়তা দেবে ইন্টেল। —তারিকুর রহমান খান