চট্টগ্রামের নানা তথ্য নিয়ে চিটাগাং গ্রিনবুক নামে একটি ওয়েবসাইট রয়েছে ইন্টারনেটে।এ সাইটটি কাজ করে চট্টগ্রামের অনলাইন নির্দেশিকা বা ইয়েলো পেজ হিসেবে। এতে রয়েছে জরুরি ফোন নম্বর, চিকিৎসক, হাসপাতাল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ঠিকানা। ইন্টারভিউ, পারসোনালিটি এবং কুইজ বিভাগ। পোশাক শিল্পপ্রতিষ্ঠান, সিঅ্যান্ডএফ, সেলুন কিংবা পারলারের লিংক রয়েছে। বিনোদনের জন্য ইন্টারনেট রেডিও এবং ফেসবুকের সঙ্গেও লিংক রয়েছে। ভিজিট চিটাগাং পেইজে রয়েছে চট্টগ্রামে বেড়ানোর স্থানগুলোর ছবিসহ বিবরণ। সিটি ম্যাপে ক্লিক করলে পুরো পৃষ্ঠাজুড়ে চট্টগ্রামের ম্যাপ দেখা যাবে। ইয়েলো পেজ বিভাগে রয়েছে বিশ্বের নানা দেশের বিজনেস ডিরেক্টরির লিংক। জানা থাকছে এশিয়া এবং ইউরোপের স্টক এক্সচেঞ্জের খবরাখবর। ইমপর্টেন্ট বিভাগে পাওয়া যাবে বিভিন্ন দেশের দূতাবাসের ঠিকানা এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোর ঠিকানাও। চট্টগ্রামে বিভিন্ন দেশের কনসাল জেনারেল অফিস, ট্রেড এবং চেম্বারের ঠিকানা, বিভিন্ন সংস্থার তথ্য। গত ডিসেম্বরে সাইটটির নির্মাণকাজ শুরু করে এবিসি ট্রেড পাবলিকেশনস। সাইটটির ডিজাইন এবং ডেভেলপমেন্ট কাজ করেছে টি-সিরিজ সলিউশন। সম্প্রতি এটি সবার জন্য উন্মুক্ত করা হয়। বর্তমানে এর ডাটা এন্ট্রির কাজ চলছে।চিটাগাং গ্রিনবুক ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতার হোসেন জানান, ‘এ সাইটে যেকোনো প্রতিষ্ঠান ন্যূনতম ফি দিয়ে গ্রিন, সিলভার কিংবা এক বছরের জন্য গোল্ড মেম্বার হতে পারবে। আগামীতে চট্টগ্রামে জন্মগ্রহণকারী সফল ব্যক্তিদের (জীবিত অথবা মৃত) সংক্ষিপ্ত জীবনীও আমরা এতে যোগ করব। ইন্টারভিউ বিভাগে বিভিন্ন ব্যক্তির পেশাগত সাফল্য, বিভিন্ন বিষয়ে মতামত, সফল ব্যক্তিদের প্রোফাইল তুলে ধরা হবে। চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য এবং সমকালীন ঘটনা নিয়ে থাকবে নিয়মিত কুইজ প্রতিযোগিতা। এ ছাড়া আরও কিছু সুবিধা যোগ করে আগামী ডিসেম্বরের মধ্যে চিটাগাং গ্রিনবুককে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট হিসেবে রূপ দিতে পারব বলে আশা করছি।’ এর ঠিকানা: www.chittagonggreenbook.com। —নিজাম হায়দার সিদ্দিকী, চট্টগ্রাম