চট্টগ্রামের প্রযুক্তি-বাজারে ঈদের ভিড়
চট্টগ্রামে ঈদ উ ৎ সবের আমেজ এবার প্রযুক্তি-বাজারেও ছড়িয়ে পড়েছে। ঈদ উপলক্ষে প্রযুক্তিপণ্য বিক্রির প্রতিষ্ঠানগুলো উপহার ও মূল্য ছাড়ের ঘোষণাও দিয়েছে। রমজান মাসের শুরুতে এ নিয়ে তোড়জোড় শুরু হলেও গত কয়েক দিনে জমে উঠতে শুরু করেছে এসব প্রযুক্তিপণ্যের বাজার। গতকাল বুধবার নগরের চৌমুহনী, আগ্রাবাদ, জিইসি মোড়, দামপাড়া, ষোলশহর ২ নম্বর গেট, নিউমার্কেট, শাহ আমানত মার্কেট, রিয়াজুদ্দিন বাজারের বিভিন্ন দোকানে ক্রেতাদের ভিড় দেখা গেছে। বেশির ভাগেরই ঝোঁক মুঠোফোন, ল্যাপটপ, নেটবুক, কম্পিউটার ও পেনড্রাইভের মতো পণ্যের দিকে।রিয়াজুদ্দিন বাজারের একটি দোকানে কথা হয় ফরহাদ হোসেনের সঙ্গে। তিনি নতুন মডেলের মুঠোফোনের খোঁজে এসেছেন। মেসার্স জাহাঙ্গীর অ্যান্ড ব্রাদার্সের মোহাম্মদ সেলিম জানান, ঈদ উপলক্ষে তাঁদের এখানে নকিয়া সিটি-থ্রি, সিটি-জিরো জিরো সেটই চলছে বেশি। এ ছাড়া সিমফনি ফোনেরও চাহিদা রয়েছে। নকিয়া এক্স-০১-এর সঙ্গে টি-শার্ট উপহার দেওয়া হচ্ছে বলে জানান তিনি।জিইসি মোড়ের ইউনুস্কো সেন্টারের আইটি ফ্লোরে ল্যাপটপ কিনতে আসা শারমিন আখতার বলেন, ‘বাবাকে বলেছি, ঈদে আমাকে ল্যাপটপ কম্পিউটার কিনে দিতে হবে। আর সেই ইচ্ছা পূরণ করতে এসেছি।’চট্টগ্রামে কম্পিউটার সোর্স লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা এস এম আউয়াল পাশা বলেন, ‘আমাদের বিভিন্ন বিক্রয়কেন্দ্রে ডেলের কোর আই-থ্রি এবং ফুজিতসু ল্যাপটপই বেশি চলছে।’ এ প্রতিষ্ঠানে ডেস্কটপ কম্পিউটারের সঙ্গে স্কুলব্যাগ, টি-শার্ট ও বিজয় সফটওয়্যার দেওয়া হচ্ছে। ল্যাপটপের ক্ষেত্রে ডেলে গিফট হ্যাম্পার, ফুজিতসুতে আগোরার ৫০০ টাকার ভাউচার, এইচপিতে ৫০০-৭০০ টাকার শপিং ভাউচার, স্যামসাংয়ে ৫০০-৭০০ টাকার গিফট ভাউচারের সঙ্গে ৪ গিগাবাইটের পেনড্রাইভ উপহার দেওয়া হবে।ইউনুস্কো টাওয়ারে রায়ানস কম্পিউটারে ডেস্কটপ, ল্যাপটপ কম্পিউটারসহ অন্যান্য পণ্যে উপহার দেওয়া হচ্ছে। তারহীন মাউস, ল্যাপটপ ব্যাগ পাচ্ছেন ল্যাপটপের ক্রেতারা। ডেস্কটপের সঙ্গে আছে ব্যাকপ্যাক। আর কিছু কিছু পণ্যে পেনড্রাইভও দিচ্ছে প্রতিষ্ঠানটি।দামপাড়ায় রিশিত কম্পিউটারস লিমিটেডে ২০ আগস্ট থেকে শুরু হয়েছে ঈদ আয়োজন। পুরো রমজানেই চলবে এটি। এতে সনিভায়ো ল্যাপটপের সঙ্গে ডিজিটাল হেডফোন, মিনি স্পিকার, ৮ গিগাবাইট পেনড্রাইভ, এইচপি ল্যাপটপের সঙ্গে আগোরার ৫০০-৭০০ টাকার শপিং ভাউচার এবং এসারের সঙ্গে থাকছে পারসোনার ৫০০ টাকার গিফট ভাউচার ও স্ক্র্যাচ কার্ড উপহার।আসুসের ল্যাপটপের সঙ্গে উপহার হিসেবে রয়েছে স্ক্র্যাচ কার্ডে অ্যাড্রয়েট, অহং, বাংলার মেলা, ক্রে ক্রাফট, নন্দন, রং ও রসের গিফট ভাউচার পাওয়ার সুযোগ। তোশিবা মিনির সঙ্গে কুইক হিল অ্যান্টি ভাইরাস এবং স্যামসাংয়ের সঙ্গে উপহার হিসেবে থাকছে বাংলা লায়ন ওয়াইম্যাক্স মডেম। রমজানের শুরু থেকে আগ্রাবাদ ‘কম্পিউটার ভিলেজে’ শুরু হয়েছে ঈদ আয়োজন। গতকাল ভিলেজের শোরুমে গিয়ে দেখা গেছে বিভিন্ন বয়সী ক্রেতার ভিড়। কম্পিউটার ভিলেজের সহকারী ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, ল্যাপটপের প্রতিই সবার আগ্রহ বেশি দেখা যাচ্ছে। —নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম অফিস