চতুর্থ আর্থিক তথ্যপ্রযুক্তি প্রকল্প প্রতিযোগিতা শুরু
দেশের তথ্যপ্রযুক্তি শিল্পের উন্নয়ন হচ্ছে।তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ উন্নয়নের এ হারকে আরও ত্বরান্বিত করতে পারে। আর প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করানো সম্ভব। গতকাল শনিবার রাজধানীর এলজিইডি মিলনায়তনে আর্থিক প্রতিষ্ঠানের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প প্রতিযোগিতা সিটি ফিন্যান্সিয়াল আইটি কেস কম্পিটিশনের (সিএফআইসিসি) উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। শিক্ষার্থীদের জন্য এ প্রতিযোগিতার এটি চতুর্থ আসর।প্রতিযোগিতার উদ্বোধন করে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, ‘সারা বিশ্বের তথ্যপ্রযুক্তি এবং এ-বিষয়ক জ্ঞানের চর্চায় তরুণদের অবদান সবচেয়ে বেশি। বাংলাদেশের তরুণেরাও প্রতিনিয়ত তথ্যপ্রযুক্তি খাতকে সমৃদ্ধ করছে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক জ্ঞানেন্দ্র এন বিশ্বাস, সিটিব্যাংক এনএ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসার রাশেদ মাকসুদ, ডিনেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হান ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহসানসহ আরও অনেকে। সিটি ব্যাংক এনএ ও ডিনেটের যৌথ উদ্যোগে আয়োজিত এবারের প্রতিযোগিতায় ২০টি বিশ্ববিদ্যালয়ের ৫৯টি দল অংশ নিচ্ছে।অন্যবারের মতো এবারও প্রতিযোগিতা প্রাথমিক বাছাই, সেমিফাইনাল ও ফাইনাল—এ তিন পর্বে অনুষ্ঠিত হবে। তিন পর্বে বিভিন্ন খাতের দক্ষ পেশাজীবীরা বিচারক হিসেবে প্রকল্পগুলো মূল্যায়ন করবেন। গতকালবিসিসি প্রাঙ্গণেসারা দিন ধরে প্রথম পর্বের বিচারকাজ চলে।প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পুরস্কার পাবে তিন হাজার ডলার। দ্বিতীয় ও তৃতীয় রানারআপ যথাক্রমে পাবে দুই ও এক হাজার ডলার। —জিয়াউর রহমান চৌধুরী