চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক ব্যবসায় নকিয়া-সিমেন্স
টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবসায় অনেক আগেই হাত মিলিয়েছে নকিয়া ও সিমেন্স। নকিয়া-সিমেন্স নেটওয়ার্কস নাম দিয়ে প্রতিষ্ঠানটি এ যাবত্ ব্যবসায়িক সফলতাও অর্জন করেছে। নকিয়া-সিমেন্স নেটওয়ার্কস এই মুহূর্তে টেলিযোগাযোগ যন্ত্রপাতির ব্যবসায়ে বিশ্বে দ্বিতীয় বৃহত্তম স্থান অর্জন করেছে। প্রতিষ্ঠানটি বর্তমানে ব্যস্ত টিডি-এলটিই মানের নেটওয়ার্ক রাউটার তৈরিতে। এই টিডি-এলটিই নেটওয়ার্ক কাঠামোর মাধ্যমে বিশ্বের বিভিন্ন মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান চতুর্থ প্রজন্মের সেবা প্রদান করতে পারবে।এই নতুন ধরনের রাউটারগুলো ইতিমধ্যেই বাজারে ছাড়া হয়েছে। মূলত মটোরোলা সলিউসনসের নেটওয়ার্ক যন্ত্রপাতি তৈরির ইউনিটটি কিনে নেওয়ার পরপরই নকিয়া-সিমেন্স নেটওয়ার্ক এই ব্যবসায় নেমেছে। প্রতিটি টিডি-এলটিই রাউটার ২ দশমিক ৩ থেকে ২ দশমিক ৬ গিগাহার্জের বলে জানা গেছে।নকিয়া-সিমেন্স নেটওয়ার্কস বিশ্বের টেলিযোগাযোগ প্রযুক্তি খাতের দুই প্রধান প্রতিষ্ঠান নকিয়া ও সিমেন্সের ৫০:৫০ বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠিত আলাদা প্রতিষ্ঠান। ইকোনমিক টাইমস।