চতুর্থ প্রজন্মের প্রযুক্তি আনছে ইতিসালাত
‘ডিজিটাল জীবনধারা’ আরও বেগবান করতে খুব শিগগিরই চতুর্থ প্রজন্মের (ফোরজি) প্রযুক্তি নিয়ে আসছে এমিরেটস টেলিকমিউনিকেশন করপোরেশন (ইতিসালাত)। চতুর্থ প্রজন্মের মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে আরও সহজে, দ্রুত ও কম খরচে তথ্য আদান-প্রদান করা যাবে। আগামী এক মাসের মধ্যেই ইতিসালাত চতুর্থ প্রজন্মের প্রযুক্তি বাজারে আনার প্রায় সব প্রস্তুতিই সম্পন্ন করেছে বলে জানা গেছে। গতকাল রোববার দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইতিসালাতের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা নাসির বিন ওয়াদুদ।নব প্রজন্মের এই প্রযুক্তি চালুর জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে ইতিমধ্যে প্রায় ৬০০ কোটি দিনার বিনিয়োগ করা হয়েছে। দেশজুড়ে স্থাপন করা হয়েছে ৬০০টির বেশি মূল স্টেশন। ফাইবার অপটিক নেটওয়ার্কের মাধ্যমে স্থাপিত এই স্টেশনগুলো সংযুক্ত আরব আমিরাতের নগর কেন্দ্রের প্রায় ৭০ ভাগ জায়গাজুড়ে থাকবে। দ্রুতগতির চতুর্থ প্রজন্মের নেটওয়ার্কের মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট অবকাঠামো দেশটির অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসহ অন্য খাতগুলোর উন্নয়নে অনেক অবদান রাখতে পারবে বলে আশা করছেন অনেকে। নতুন এই প্রযুক্তির কল্যাণে ৯০ মিনিটের একটি ভিডিও গ্রাহকেরা ডাউনলোড করতে পারবেন তিন মিনিটেরও কম সময়ের মধ্যে। খালিজ টাইমস।