চতুর্থ বিডিনগ সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিনগের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: সংগৃহীত।
বিডিনগের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: সংগৃহীত।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান রিসোর্টে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে চতুর্থ বিডিনগ সম্মেলন ও কর্মশালা। বিডিনগ হচ্ছে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেশন গ্রুপ। এটি প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি ফোরাম।

বিডিনগ বোর্ড অব ট্রাস্ট্রির চেয়ারম্যান সুমন আহমেদ সাবির বলেন, এবারের আয়োজনে ১০০ জনেরও বেশি প্রযুক্তি সংশ্লিষ্ট ব্যক্তি অংশ নিচ্ছেন। বাংলাদেশের ইন্টারনেট পরিচালনা প্রযুক্তি বিষয়ক এই সম্মেলনে প্রকৌশলীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন অপারেশনাল গবেষণা সম্পাদন, স্থানীয় তথ্যপ্রযুক্তি আগ্রহী তরুণদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা ও বাংলাদেশের জন্য উন্নত ইন্টারনেট ব্যবস্থা চালু করতে এই সম্মেলন আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. লুৎফর রহমান। তিনি বলেন, তরুণেরাই বাংলাদেশকে এগিয়ে নেবে। টুজি নেটওয়ার্কের যুগ পেরিয়ে আমরা এখন থ্রিজি-ফোরজির দিকে যাচ্ছি। সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে চেষ্টা করছে। কিন্তু ই-গভর্নেন্সসহ কয়েকটি বিষয়ে আমরা পিছিয়ে আছি। বাংলাদেশি তরুণ প্রযুক্তিবিদেরা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণ করবে।
বিডিনগ বোর্ড অব ট্রাস্টির সদস্য ও বিডিনগ ৪ এর আহ্বায়ক এফএম রাশেদ আমিন বলেন, একসঙ্গে কাজ করার লক্ষ্যে বিডিনগ তৈরি করা হয়। নিজেদের মধ্যে অর্জিত জ্ঞান বিনিময় করা, পরস্পরকে সাহায্য করা ও নেতৃত্ব তৈরির লক্ষ্য বিডিনগের। প্রতিবছর দুবার বিডিনগ সম্মেলন আয়োজন করা হয়। এ ধরনের সম্মেলন ও প্রশিক্ষণ স্থানীয় প্রকৌশলীদের আরও যুগোপযোগী হতে সহায়তা করবে। এ ধরনের সম্মেলনের মাধ্যমে আমরা দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও আন্তর্জাতিক মানের প্রকৌশলী পাঠাতে পারব।
বিডিনগের সভাপতি নুরুল ইসলাম রোমান বলেন, ‘বিডিনগের এই ধরনের সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের প্রযুক্তিবিদেরা উপকৃত হচ্ছেন। এই সম্মেলনে প্রকৌশলীদের জ্ঞান বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ শুরু হলেও ভবিষ্যতে প্রযুক্তি আগ্রহী মানুষকেও এর সঙ্গে যুক্ত করা হবে। কারণ বাংলাদেশে ইন্টারনেট বিষয়ক পেশাদার প্রয়োজন হবে।
বিডিনগের সাধারণ সম্পাদক ফখরুল আলম বলেন, এ ধরনের সম্মেলনের মাধ্যমে দেশি-বিদেশি প্রকৌশলীদের সঙ্গে কাজের সুযোগ তৈরি হয়। এতে আমাদের স্থানীয় প্রকৌশলীরা উচ্চতর জ্ঞান অর্জনের সুযোগ পান। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আমাদের দক্ষ জনশক্তি তৈরি হবে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মিলনমেলা
প্রধান অতিথি হিসেবে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর মো. লুত্ফর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মো. আমিনুল হাকিম। বিডিনগ বোর্ড অব ট্রাস্ট্রির চেয়ারম্যান সুমন আহমেদ সাবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োক্যামিকেল ফিজিকস ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক খন্দকার সিদ্দীক-ই রব্বানী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিনগের সভাপতি নুরুল ইসলাম রোমান ও সাধারণ সম্পাদক ফখরুল আলম।
অনুষ্ঠানে চিকিৎসা প্রযুক্তি নিয়ে মূল বিষয় উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ফিজিকস অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক খন্দকার সিদ্দিক-ই-রব্বানী। তিনি বলেন, ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ফিজিকস অ্যান্ড টেকনোলজি বিভাগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আমরা বর্তমানে বিশেষ কিছু প্রযুক্তি উদ্ভাবনে করছি। আমাদের তৈরি প্রযুক্তি এখন দেশের বাইরেও ব্যবহৃত হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি মো. আমিনুল হাকিম বলেন, সব প্রযুক্তিবিদ একসঙ্গে যুক্ত থেকে কাজ করার প্রত্যয়ে বিডিনগ এগিয়ে যাবে। ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের সম্মেলন আয়োজন করা হবে।

১৫ গবেষণাপত্র উপস্থাপন
বিডিনগের এ সম্মেলনে মোট ১৫ জন বক্তা তাদের গবেষণা ও প্রযুক্তিবিষয়ক ধারণা উপস্থাপন করেন। প্রথম পর্বের উপস্থাপনার বিষয় ছিল অপারেশনাল নেটওয়ার্ক। এতে ফাইবার অ্যাট হোমের মো. জোবায়ের খান (গো উইথ দ্য ফলো), ওয়ান এশিয়া অ্যালায়েন্স কমিউনিকেশনের মো. মইনুর রহমান (সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং: প্রাইমার), টাইগার ওয়ার্কসের শাহী মির্জা (রেসপনসিবল ডিসক্লোজার প্রোগ্রাম: হোয়াই অ্যান্ড হাউ), অ্যাপনিকের দিনেশ ভক্তভাচালান (অ্যাপনিক সার্ভিস ইমপ্রুভমেনটস ২০১৫) বক্তব্য উপস্থাপন করেন।
দ্বিতীয় পর্বে কম্পিউটার সার্ভিসেসের আল ফারুখ ইবনে নাজিম (পিকে আই ইন্ডাস্ট্রি গ্রোথ ইন বাংলাদেশ), হারিকেন ইলেকট্রিকের অনুরাগ ভাটিয়া (মিসইউজড টপ এএসএনএস), বাংলালায়নের শায়লা শারমিন (অনবোর্ড অটোমেশন উইথ ইইএম), গ্রামীণফোনের আফজার আদিব (মোবাইল ইন্টারনেট অপটিমাইজেশন: অ্যান ইফেকটিভ টুল ফর অপারেটরস) বক্তব্য উপস্থাপন করেন।
তৃতীয়পর্বে ছিল অ্যাকাডেমিক অ্যান্ড অপারেশনাল রিসার্চ নেটওয়ার্ক বিষয় নিয়ে ধারণাপত্র উপস্থাপন। টিসফট আইটির তিতাস সরকার উপস্থাপন করেন বাংলায় নেটওয়ার্কিং স্বাদ, গ্রামীণফোনের ফয়সাল মোবারক ভোলটি: নিউহরাইজন ফর ভয়েস রেভিনিউ, আইআইজির ইয়াশি বুমাট সুজাকি আরটিটি ম্যাটারস, বিডিকমের জিজেড কবির মাই এক্সপেরিয়েন্স ইন আইসিএএনএন ৫৪ বিষয়ে গবেষণাপত্র উপস্থাপন করেন।

প্রশিক্ষণ দিচ্ছে বিডিনগ
বিডিনগের সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানের পর চার দিন কারিগরি প্রশিক্ষণ নিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলীরা। কর্মশালায় টেলিকম ও আইএসপি প্রকৌশলীদের জন্য মাল্টি প্রটোকল লেভেল সুইচিং (এমপিএলএস) টেকনোলজি এবং ক্লাউড কম্পিউটিং ও লিনাক্স শেল প্রোগ্রামিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ১৪ নভেম্বর প্রশিক্ষণ শেষ হচ্ছে। আগ্রহীরা বিডিনগের ওয়েবসাইটে বিস্তারিত জানতে পারবেন।