
কুমিল্লা শিক্ষা বোর্ডে টানা চতুর্থবারের মতো প্রথম স্থান ধরে রেখেছে কুমিল্লা জিলা স্কুল৷ ওই বিদ্যালয়ের ৩৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৫৩ জন৷
সেরা ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জিলা স্কুল এবার ৯৫ দশমিক ২২ পয়েন্ট পেয়ে বোর্ডের সেরা হয়েছে৷
জিপিএ-৫ পাওয়া কয়েকজন শিক্ষার্থী জানায়, অভিভাবক, শিক্ষক এবং নিজেদের প্রচেষ্টায় তারা এই ফল অর্জন করেছে৷
ওই বিদ্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা জিলা স্কুল থেকে ২০১৩ সালে ৩৬১ জন পরীক্ষা দিয়ে ৩৩২ জন জিপিএ-৫ পায়৷ ২০১২ সালে ৩৮১ জন পরীক্ষা দিয়ে ৩১৭ জন এবং ২০১১ সালে ৩২১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৫ জন জিপিএ-৫ পেয়ে প্রথম স্থান অর্জন করে৷
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় কুমিল্লা জিলা স্কুল টানা চারবার অভাবনীয় সাফল্যের ধারা অব্যাহত রেখেছে৷ এ অর্জন কুমিল্লাবাসীর অর্জন৷ এ সাফল্য সবার৷’
প্রসঙ্গত, ১৮৭৩ সালে কুমিল্লা জিলা স্কুল প্রতিষ্ঠা হয়। বর্তমানে ওই বিদ্যালয়ে ৫৩ জন শিক্ষক ও নয়জন কর্মচারী রয়েছেন। পড়াশোনার পাশাপাশি ক্রীড়াঙ্গন, গণিত অলিম্পিয়াড, ভাষা প্রতিযোগ, বিতর্ক ও সাংস্কৃতিক অঙ্গনে এ বিদ্যালয়ের ঈর্ষণীয় সাফল্য রয়েছে৷