চতুর্মাত্রিক চলচ্চিত্র! (ভিডিও)
ত্রিমাত্রিক চলচ্চিত্রের প্রযুক্তিতে যাঁরা এখনো ধাতস্থ হতে পারেননি তাঁদের জন্য অপেক্ষা করছে আরেক চমক। দক্ষিণ কোরিয়ার বিনোদন সেবাদাতা প্রতিষ্ঠান সিজে গ্রুপ শিগগিরই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের বেশ কিছু প্রেক্ষাগৃহে চতুর্মাত্রিক বা ফোর-ডি চলচ্চিত্রের প্রদর্শনী শুরু করতে যাচ্ছে।জুলাই মাসের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে চতুর্মাত্রিক চলচ্চিত্র। এক খবরে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এই তথ্য জানিয়েছে।এদিকে সিজে গ্রুপ জানিয়েছে, ফোর-ডি চলচ্চিত্র তৈরি করতে প্রেক্ষাগৃহে ত্রিমাত্রিক প্রযুক্তির সঙ্গে স্পেশাল ইফেক্ট যোগ করা হয়েছে। চলচ্চিত্রে দেখানো বিশেষ দৃশ্যের সঙ্গে দর্শকদের বসার আসনগুলো নড়াচড়ার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এর ফলে পর্দায় প্রদর্শিত কোনো বিশেষ দৃশ্যের সঙ্গে দর্শকেরাও নড়াচড়ার অনুভূতি টের পাবেন। আবার কখনো দৃশ্যে অনুষঙ্গে গন্ধের সৃষ্টি হলে দর্শকের নাকেও সে গন্ধ লাগবে। ফোর-ডি চলচ্চিত্রের টিকিটের দাম ধরা হয়েছে আট ডলার। আগামী পাঁচ বছরের মধ্যে উত্তর আমেরিকায় ফোর-ডি প্রযুক্তির প্রেক্ষাগৃহ নির্মাণের পরিকল্পনা করেছে সিজে গ্রুপ।