চমক দেবে স্মার্টফোন ও ট্যাবের মেলা

ভারচুয়াল হেডসেট, বাংলায় অ্যান্ড্রয়েডচালিত সাশ্রয়ী দামের স্মার্টফোন, নতুন প্রযুক্তির স্মার্টফোনসহ বেশ কিছু চমক নিয়ে শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাবের মেলা। ৭ থেকে ৯ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হবে ‘গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব মেলা’ নামের এই আয়োজন।
আধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার পরখ করে দেখার ও কেনার সুযোগ করে দিতে এ মেলার আয়োজন করছে এক্সপো মেকার। আজ সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এই মেলার কথা ঘোষণা করে আয়োজক এক্সপো মেকার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের কমিউনিকেশন বিভাগের ডেপুটি পরিচালক সৈয়দ তালাত কামাল, এলিট টেকনোলজিস লিমিটেডের বিপণন ব্যবস্থাপক এম রাশেদ মাহমুদ অভি, হুয়াওয়ের বিপণন ব্যবস্থাপক বার্নাড ওয়াং, স্যামসাং ইলেকট্রনিকসের বিটিএল অ্যান্ড ডিজিটাল বিভাগের মাহজাবিন ফেরদৌস, সিম্ফনি মোবাইলের সহকারী ব্যবস্থাপক জাহিদুল ইসলাম ও এক্সপো মেকারের প্রধান পরিচালন কর্মকর্তা নাহিদ হাসনাইন।
মেলার চমক হিসেবে আয়োজকেরা জানান, এবার যুক্তরাষ্ট্রের কনজুমার ইলেকট্রনিকস শোর আদলে মেলায় বিভিন্ন নতুন প্রযুক্তিপণ্য উন্মুক্ত করবে বিভিন্ন ব্র্যান্ড। এ ছাড়া বিশেষ প্রদর্শনী ও সেমিনার থাকছে মেলায়।
মেলার আয়োজন প্রসঙ্গে নাহিদ হাসনাইন বলেন, এটি দেশে পঞ্চম স্মার্টফোন ও ট্যাব মেলা। এতে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। মেলায় স্যামসাং, সিম্ফনি, হুয়াওয়ে, এলিট, হেলিও, স্টাইলাস, গোল্ডবার্গ, আসুস, লেনোভো, মাইসেল, টুইনমস, প্রেস্টিজিও, শিয়াওমি, জিওনি, গ্যাজেট গ্যাং সেভেন, মিউজুসহ বিভিন্ন ব্র্যান্ড মেলায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দেবে। দর্শকেরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই-বাছাই করে দেখতে ও কিনতে পারবেন।
স্যামসাং ইলেকট্রনিকসের কর্মকর্তা মাহজাবিন ফেরদৌস বলেন, এবারে মেলায় বিশেষ চমক নিয়ে আসবে স্যামসাং। বিশেষ সেবা সম্পর্কে মানুষকে জানাবে। মেলায় ভারচুয়াল রিয়েলিটি হেডসেট উন্মুক্ত করার কথা বলেন তিনি।
এলিট টেকনোলজিস লিমিটেডের বিপণন ব্যবস্থাপক বলেন, দেশে সাশ্রয়ী দামে বিশেষ অ্যান্ড্রয়েড ফোন আনবেন তাঁরা। হুয়াওয়ের বিপণন ব্যবস্থাপক বার্নার্ড ওয়াংও নতুন স্মার্টফোন উন্মুক্ত করার কথা বলেন।
গ্রামীণফোনের কমিউনিকেশন বিভাগের ডেপুটি পরিচালক সৈয়দ তালাত কামাল বলেন, ‘সবার জন্য ইন্টারনেট’ উদ্যোগের অংশ হিসেবে সবার মধ্যে ইন্টারনেট ব্যবহার বাড়াতে গ্রামীণফোনের বিভিন্ন সেবা সম্পর্কে মেলায় জানানো হবে।
আয়োজকেরা বলেন, ৭ জানুয়ারি সকাল ১০টা থেকে মেলা শুরু হলেও ওই দিন বেলা তিনটায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ মেলার উদ্বোধন করবেন। মেলায় টিকিট কেটে ঢুকতে হবে। এখনো টিকিটের দাম নির্ধারণ করা হয়নি।