চলচ্চিত্র ও গেমসে আসক্তি জিনগত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চলচ্চিত্রের দৃশ্যে সহিংস মারামারি কিংবা কম্পিউটারের নানা গেমসে মানুষের বিধ্বংসী কর্মকাণ্ডের দৃশ্য দেখে শিশুদের অনেকেই ভয় পাওয়ার পরিবর্তে আকৃষ্ট হয়। তাদের এ ধরনের ব্যতিক্রমী পছন্দের কারণ হিসেবে মানবদেহে বিশেষ একধরনের জিনের উপস্থিতি দায়ী বলে দাবি করেছেন নেদারল্যান্ডসের একদল বিজ্ঞানী।
আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের স্কুল অব কমিউনিকেশন রিসার্চের গবেষকেরা শিশু-কিশোরদের জিনবৈচিত্র্য নিয়ে অনুসন্ধানের অংশ হিসেবে তাদের জন্মকালীন ডিএনএ নমুনা সংগ্রহ ও বিশ্লেষণ করেন। পাঁচ থেকে নয় বছর বয়সী শিশুদের এক হাজার ৬১২ জন মা-বাবা ওই গবেষণায় সহায়তা করেন। তাঁরা টেলিভিশন ও কম্পিউটার গেমসে সহিংসতায় পরিপূর্ণ দৃশ্যের প্রতি নিজেদের সন্তানের আসক্তি রয়েছে কি না, সে ব্যাপারে তথ্য দেন।
সংশ্লিষ্ট গবেষক স্যান নিকলেন বলেন, দৃশ্যমাধ্যমে সহিংসতার প্রতি মানুষের আকৃষ্ট হওয়ার জন্য জিনগত উপাদানগুলো আংশিক দায়ী। এ কারণেই কোনো কোনো শিশু মারামারি ও ধ্বংসাত্মক প্রবণতার দৃশ্যেও অবিচল থাকতে পারে। এসব উপাদানের পরীক্ষা-নিরীক্ষায় মানুষের আচরণগত অসংগতি দূর করা সহজতর হতে পারে।
গবেষকদের মতে, একটি বিশেষ জিনের উপস্থিতিতে মানুষের আচরণে সহিংসতা মেনে নেওয়ার প্রবণতা তৈরি হতে পারে। একই জিন শিশুদের এমন কিছু কাজে উৎসাহিত করে যেগুলো তারা বড়দের উপস্থিতিতে করতে পারে না। সহিংস দৃশ্যাবলিসংবলিত ছবি দেখতে অভিভাবকেরা সাধারণত শিশুদের নিষেধ করে থাকেন। স্বভাবতই তারা সেই নিষেধাজ্ঞা অমান্য করতে কখনো কখনো উৎসাহী হয়। এমনিতে গা ছমছম করা ভৌতিক কাহিনি শিশুদের সামনে বাড়তি আবেদন তৈরি করতে পারে। কিন্তু সেগুলোর তুলনায় বাস্তবধর্মী সহিংসতায় পরিপূর্ণ দৃশ্যাবলি তাদের মনে বেশি নেতিবাচক প্রভাব ফেলে।
স্যান নিকলেন আরও বলেন, ইলেকট্রনিক দৃশ্যমাধ্যমে প্রচারিত ছবি এবং নিষিদ্ধ কাজের প্রতি শিশুদের আকর্ষণের মধ্যে সম্পর্ক নিয়ে আরও গবেষণা প্রয়োজন। কারণ, নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন চলচ্চিত্র দেখা এবং ভিডিও গেমসে আসক্ত হওয়ার প্রতিক্রিয়ায় শিশুরা সমবয়সী বন্ধুর সঙ্গে সহিংস আচরণে লিপ্ত হতে পারে। একই কারণে তাদের শিক্ষা কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। ইনডিপেনডেন্ট।