চলচ্চিত্র হচ্ছে ভিডিও গেম ‘অ্যাসাসিনস ক্রিড’
ফ্রান্সের ভিডিও গেম নির্মাতা ও প্রকাশনা প্রতিষ্ঠান ইউবিসফট তাদের গেম ব্যবসার পাশাপাশি চলচ্চিত্র ব্যবসায় যুক্ত হচ্ছে। প্রতিষ্ঠানটির জনপ্রিয় গেম ‘অ্যাসাসিনস ক্রিড’কে চলচ্চিত্রে রূপায়ণের মাধ্যমে চলচ্চিত্র জগতে যুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে এমএসএনবিসি।ইউবিসফট মোশন পিকচার্সের প্রযোজনায় এ চলচ্চিত্রটির প্রধান ভূমিকায় অভিনয় করবেন ‘প্রমিথিউস’ (২০১২) ও ‘এক্স-মেন: ফার্স্টক্লাস’ (২০১১) খ্যাত জার্মান তারকা মাইকেল ফাসবেন্ডার।ইউবিসফট মোশন পিকচার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা জিন-জুলিয়েন ব্যারোনেট জানিয়েছেন, ইউবিসফটের ভিডিও গেম থেকে চলচ্চিত্র নির্মাণের অনুমতি অন্য কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হয়নি, কারণ ইউবিসফটের পক্ষ থেকে চলচ্চিত্র তৈরির পরিকল্পনা নেয়া হয়েছে।এ চলচ্চিত্রের পরিচালক হিসেবে এখনো কাউকে চূড়ান্ত করেনি ইউবিসফট। তবে চলচ্চিত্রের সফলতার বা জনপ্রিয়তার বিষয়ে আশাবাদী এই প্রতিষ্ঠানটি। কারণ ২০০৭ সালের পর থেকে অ্যাসাসিনস ক্রিড গেমটির তিন কোটিরও বেশি ভক্ত রয়েছে, যারা গেমটির চলচ্চিত্রও উপভোগ করবে বলে ধারণা জিন-জুলিয়েনের।