চলচ্চিত্রের কল্যাণে স্কাইপ এল রাজস্থানের প্রত্যন্ত গ্রামে
হলিউডের চলচ্চিত্র সংশ্লিষ্ট একটি ঘটনা ভারতের রাজস্থানের প্রত্যন্তের এক গ্রামে স্কাইপ ব্যবহারের প্রচলন তৈরি করেছে। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।এখন ওই গ্রামের অধিবাসীদের অধিকাংশই এখন স্কাইপ ব্যবহার করছেন। সম্প্রতি ভারতীয় চলচ্চিত্র অভিনেতা অনুপম খের টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এ তথ্য জানিয়েছেন। ‘সিলভার লাইনিং প্লেবুক’ নামের নতুন একটি চলচ্চিত্রের প্রিমিয়ারে অনুপম খের তাঁর অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, স্কাইপের মাধ্যমে অভিনেতা নির্বাচন করার প্রক্রিয়ায় তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন পরিচালক ডেভিড ও’রাসেল। সাক্ষাত্কার দেওয়ার সময় অনুপম খের রাজস্থানের ওই গ্রামটিতে অবস্থান করছিলেন। ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল সেবা স্কাইপের ব্যবহার সম্পর্কে সেই সময় গ্রামের কারোরই তেমন পরিচয় ছিল না। গ্রামটিতে একটি ছবির শুটিং করতে গিয়েছিলেন অনুপম খের। অনুপম খের আরও জানিয়েছেন, ওই স্কাইপের সাক্ষাত্কারটির ঘটনাই রাজস্থানের গ্রামটিতে বিরাট এক পরিবর্তন এনে দিয়েছে। এখন সেখানকার সবাই স্কাইপ ব্যবহার করা শিখে গেছেন।এ প্রসঙ্গে অনুপম খের জানিয়েছেন, স্কাইপের মাধ্যমে সাক্ষাত্কার দেওয়ার সময় আমি রাজস্থানের এক গ্রামে ছিলাম। এ গ্রামের কেউ কখনও স্কাইপ ব্যবহার তো দূরে থাক, কখনও এর নামই শোনেনি। তাই স্কাইপে দেয়া আমার সেই সাক্ষাত্কারের ঘটনাটি সেখানে রূপকথায় পরিণত হয়েছিল।অবশ্য এক রূপকথা থেকেই যে আরেক রূপকথার জন্ম; স্কাইপ শিখে তাই প্রমাণ করে দেখিয়েছে রাজস্থানের প্রত্যন্তের সেই গ্রামবাসীরা।