চলছে ইন্টারনেট সপ্তাহ

রাজধানীর বনানী সোসাইটি মাঠে চলছে আয়োজন। ইন্টারনেট মেলা। ৫ সেপ্টেম্বর উদ্বোধনী দিনে গিয়ে দেখা গেল প্রবেশপথে কয়েকজন শিশু দাঁড়িয়ে আছে। ওরা ভেতরে ঢুকতে চায়। নিরাপত্তাকর্মীরা দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন, ওদের ঢুকতে দেবেন কি দেবেন না। এটা নিয়ে একজন আরেকজনের সঙ্গে কথা বলছেন। ঠিক তখনই বনানী সোসাইটি মাঠ থেকে ভেসে এল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। ভিডিও সম্মেলনে তিনি তখন বলছেন, ‘ইন্টারনেট আছে, তথ্যের ক্ষেত্রে এখন আর মানুষকে কেউ ঠকাতে পারবে না।’ সরাসরি তা দেখা ও শোনা যাচ্ছে ইন্টারনেট মেলায়। সঙ্গে সঙ্গেই মিলল নিরাপত্তাকর্মীর অনুমতি। তুমুল উচ্ছ্বাসে শিশুরা ঢুকে গেল মেলায়। ঢুকে গেল ইন্টারনেটের দুনিয়ায়।
বনানীতে এ মেলা চলছে বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহ ২০১৫ আয়োজনের অংশ হিসেবে। শুধু ঢাকা নয়, সারা দেশেই চলবে ইন্টারনেট সপ্তাহ। ৫ সেপ্টেম্বর বিকেলে গণভবন থেকে ভিডিও সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রী ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন করেন। বনানী সোসাইটি মাঠের মেলা তিন দিনের। শেষ হবে আজ। বেলা ২টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে এ মেলা।
ইন্টারনেট সপ্তাহের আয়োজন চলছে দেশের ৪৮৭টি উপজেলায়। প্রতিটি উপজেলার একটি করে ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ইন্টারনেট নিয়ে সচেতনতা তৈরির বিভিন্ন উদ্যোগ দেখা যাবে। এ কার্যক্রম চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। বড় আকারের মেলার আয়োজন আছে রাজশাহী ও সিলেটে। ইন্টারনেট সপ্তাহের আয়োজন সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও গ্রামীণফোন।
বনানী মাঠের মেলায় ভিড় ঠেলে ঢুকে আট বছর বয়সী রায়হান মোস্তাফিজকে পেয়ে গেলাম। রায়হান জানাল, সে চাচার চায়ের দোকানে কাজ করে। বাইরে থেকে গানের আওয়াজ শুনে ভেতরে ঢুকেছে। বললাম, এখানে এসে কী জানলে? বলল, ‘শুনলাম, ছবি তুললে ইন্টারনেট দিয়া মার কাছে পাঠানো যাইবে। মাকে মোবাইলে দেখা যাইবে, কথাও হইবে।’
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাজেদুর রহমান জানালেন, ‘ইন্টারনেট সপ্তাহ’ ধারণাটা আলাদা রকমের। তিনি বললেন, ‘মেলায় এসে নতুন কিছু ই-কমার্স ওয়েবসাইটের সঙ্গে পরিচিত হলাম।’
মেলায় যা আছে
মেলায় অংশ নিয়েছে প্রায় ১০০টি প্রতিষ্ঠান। এসবের মধ্যে আছে ই-কমার্স, মোবাইল অ্যাপ নির্মাতা, ওয়েব পোর্টাল, যন্ত্র নির্মাতা, অনলাইনভিত্তিক পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান। ই-কমার্স সাইট এসোর প্রধান নির্বাহী দিদারুল আলম বললেন, ‘আমরা এসো ডটকমের প্রচারণা চালাতে মেলায় অংশ নিচ্ছি। দর্শকেরা নানা রকম প্রশ্ন করছেন। প্রশ্নের ভেতর থেকেই আমরা তাদের চাহিদা ও প্রত্যাশা সম্পর্কে জানতে পারছি।’
এই মেলায় আরও রয়েছে এখনই, আজকের ডিল, সিগমা সিস্টেম, সফটওয়্যার শপ লিমিটেড, ডটনেট, ই-সফট বিলিং প্রাইভেট লিমিটেড, মেট্রোডেস্ক, জামান আইটি, আইসফট আইটি সলিউশন, টিমক্রিয়েটিভ, প্রিয় শপ, এমসিসি লিমিটেড, আনন্দ কম্পিউটার্স, অভো টেকনোলজি, সিস্টেমস সলিউশন অ্যান্ড ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেড, রাভেন সিস্টেমস লিমিটেড, সূর্যমুখী লিমিটেড, শুটিংস্টার লিমিটেড, প্রোপার্টি বাজার লিমিটেড, এডিএন টেলিকম, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, ফরচুনা বাংলাদেশ, ওয়েব করি সিস্টেমস, আমরা টেকনোলজিস লিমিটেড, ই-সফট, গ্লোবাল টেকনোলজি অ্যাডভান্সমেন্ট, সন্ধান, শাদীবাজার, দিয়া বাজার, ঘুড়ি ইত্যাদি প্রতিষ্ঠানের স্টল। একই রকম মেলা রাজশাহীর নানকিন বাজারে ৯ সেপ্টেম্বর এবং ১১ সেপ্টেম্বর সিলেটের সিটি ইনডোর স্টেডিয়ামেও আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহের মূল উদ্দেশ্য হলো ইন্টারনেট সম্পর্কে সচেতনতা বাড়ানো। প্রতিবছর নতুন এক কোটি ইন্টারনেট ব্যবহারকারী তৈরিতে এ আয়োজন সহায়ক হবে বলেও আয়োজকেরা আশা করছেন।
তাঁরা যা বলেন
জুনাইদ আহ্মেদ
আইসিটি প্রতিমন্ত্রী
ইন্টানেটের সর্বোত্তম ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করাই এ মেলা এবং দেশব্যাপী ইন্টারনেট সপ্তাহের উদ্দেশ্য। ইন্টারনেটের বিস্তৃতি রাজধানী থেকে ইউনিয়ন পর্যন্ত ছড়িয়ে দিতে চাই। ইন্টারনেট চলে যাবে দেশের কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রশাসনসহ সব ক্ষেত্রেই ইন্টারনেটের ব্যবহারকে সমৃদ্ধ করতে চাই। আমরা চাই, দেশের সব মানুষ সঠিক ও সহজভাবে ইন্টারনেট ব্যবহার করুক। ইন্টারনেট সপ্তাহ উপলক্ষে সব উপজেলার মানুষ নিজ নিজ উৎসবকেন্দ্রে এসে ইন্টারনেট ব্যবহার করবে। ইন্টারনেটের সঠিক ও নিরাপদ ব্যবহার সম্পর্কে জানবে।
শামীম আহসান
সভাপতি বেসিস
২০২১ সালের মধ্যে বাংলাদেশের ১৬ কোটি মানুষের কাছে স্বল্পমূল্যে ইন্টারনেট পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি বিপুলসংখ্যক তরুণ উদ্যোক্তা গড়ে তুলতে চাই। যাদের মধ্য থেকে কেউ না কেউ গুগল, আমাজান, ফেসবুকের মতো প্রতিষ্ঠান গড়ে তুলবে; যা আমাদের দেশীয় অর্থনীতি ও ই-কমার্স ব্যবসা খাতের পুরো দৃশ্যই পাল্টে দেবে। দেশ ডিজিটাল হবে, অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ হবে।
রাসেল টি আহমেদ
আহ্বায়ক, বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহ
ইন্টারনেট সপ্তাহের একটি উদ্দেশ্য হলো, নতুন এক কোটি ইন্টারনেট ব্যবহারকারী সৃষ্টি করা। পর্যায়ক্রমে ইন্টারনেটের দাম কমছে। আরও কমবে, এটা সময়ের দাবি। মেলা চাঙা রাখতে আমরা বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করেছি। ফলে মেলায় দর্শক সমাগম বাড়ছে। ইন্টারনেটের প্রতি সাধারণ মানুষের আগ্রহ যথেষ্ট বেড়েছে, আরও বাড়ছে। এটা শুধু ঢাকায় না, উপজেলা পর্যায়েও। ইন্টারনেট সপ্তাহের মাধ্যমে একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সহজেই ইন্টারনেটের ব্যবহার ও সচেতনতা ছড়িয়ে পড়েছে। এ ছাড়া এ মেলার মাধ্যমে ডটকম প্রতিষ্ঠান এবং স্থানীয় পণ্য ও সেবার প্রচার বাড়ছে।
মতামত গ্রহণ: রাহিতুল ইসলাম