চলছে কনজ্যুমার ইলেকট্রনিক শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলছে বিশ্বের বৃহত্তম উদ্ভাবনী প্রদর্শনী কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস) ২০১২। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত। সিইএসের এবারের আসরে প্রায় এক লাখ ৪০ হাজার দর্শনার্থী আসবে বলে আয়োজকেরা আশা করছেন। প্রতিবছর অনুষ্ঠিত এ আয়োজনে থাকে আকর্ষণীয় ও চমক জাগানো সব প্রযুক্তিপণ্যের প্রদর্শনী। পরবর্তী সময়ে এ পণ্যগুলোই সারা বছর বাজারে আগ্রহী ক্রেতাদের পছন্দের তালিকার শীর্ষে থাকে। এবারের প্রদর্শনীতে প্রায় দুই হাজার ৭০০টি প্রযুক্তি-প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী প্রযুক্তি ও পণ্য প্রদর্শন করছে।এবারের প্রদর্শনীতে নানা পণ্যের মধ্যে থাকছে নতুন আধুনিক বৈশিষ্ট্যের ল্যাপটপ, নোটবুক, নেটবুক, ট্যাবলেট পিসি, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি। তবে সবকিছুর ওপর থাকছে পাতলা ডিভাইসের রাজত্ব। নানা ধরনের পণ্যের ক্ষেত্রে ক্লাউড কম্পিউটিং সুবিধার বিষয়টি থাকছে উল্লেখযোগ্যভাবে। ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের নানা পণ্য প্রদর্শনীর ঘোষণাও দিয়েছে। প্রদর্শনীতে থাকছে এসার, ডেল, সনি, এলজি, তোশিবা, এইচপিসহ বিখ্যাত সব প্রযুক্তি-প্রতিষ্ঠান। এ প্রদর্শনীর মূল লক্ষ্য নতুন পণ্য প্রদর্শন। আর তাই বিক্রির ব্যাপারটি নিয়ে আগ্রহী নয় অংশগ্রহণকারীরা। তবে এবারের আয়োজনে অংশ নিচ্ছে না অ্যাপল। এ ছাড়া বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট জানিয়েছে, এবারই শেষবারের মতো অংশ নিচ্ছে তারা। এ আয়োজনের ব্যাপারে দর্শকদের আগ্রহও বেশ, তাই মেলায় বিভিন্ন প্রযুক্তি-প্রতিষ্ঠানের অংশ না নেওয়ার বিষয়টি তেমন গুরুত্ব পাবে না বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। এবারের আয়োজনে প্রদর্শিত নানা পণ্যের মধ্যে উল্লেখযোগ্য নতুন পণ্যগুলো হলো: ওএলপিসি, ওএক্স ৩.০ ট্যাবলেট, অ্যান্ড্রোয়েড টিভি, এলজির বিশালাকৃতির এলইডি টিভি, বিভিন্ন প্রতিষ্ঠানের আধুনিক স্মার্টফোন ইত্যাদি। চমক লাগানো এসব পণ্য আর দর্শনার্থীদের আগমনে সফল হবে এবারের আয়োজন, এমনই প্রত্যাশা আয়োজকদের। —সিইএস ও সিনেট অবলম্বনে কাজী আশফাক আলম