চলছে কম্পিউটার সমিতির মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলার তারকা আড্ডা আয়োজনে কথা বলছেন আগুন
মেলার তারকা আড্ডা আয়োজনে কথা বলছেন আগুন

ঢাকার প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত কম্পিউটার ও মোবাইল ফোনের মেলা। ‘বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১৪’ নামের মেলা দিয়েই যমুনা ফিউচার পার্কের চতুর্থ তলায় চালু হবে কম্পিউটার বাজার।
বৃহস্পতিবার মেলার উদ্বোধন করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘প্রযুক্তি কি শুধু মুক্তিই দেয়! এটা একধরনের প্রগতি; নতুন উদ্ভাবনী চিন্তার প্রকাশ। আমাদের দেশে তথ্যপ্রযুক্তির বিকাশ হয়েছে খুব দ্রুত। ডিজিটাল বাংলাদেশের স্লোগানটা আমাদের মধ্যে বিদ্যুতের মতো কাজ করেছে।’ উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ, সাংসদ সালমা ইসলাম, বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, বিসিএসের মহাসচিব শহীদ-উল মুনিরসহ অনেকে।
মেলায় স্থায়ী ও অস্থায়ী দুই ধরনের প্রতিষ্ঠানেরই অংশগ্রহণ আছে। স্থায়ী দোকান আছে ৯৫টি। এ ছাড়া ৫৮টি প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন ও স্টল আছে মেলায়। এতে পাওয়া যাচ্ছে কম্পিউটার, মুঠোফোন ও ডিজিটাল জীবনযাপনের পণ্য। বিশেষ ছাড়ে পণ্য বিক্রি হচ্ছে মেলায়।
এ মেলায় আছে নানা আয়োজন। প্রতিদিন বিকেলে ‘ইভেন্ট কর্নার’-এ জমে ওঠে তারকা আড্ডা। গতকালের আয়োজনে উপস্থিত ছিলেন পাওয়ার ভয়েসখ্যাত শিল্পী পিংকি ও মাসুদ। শুক্রবার এসেছিলেন সংগীত ও অভিনয়শিল্পী আগুন। প্রতিদিন চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গেম প্রতিযোগিতার আয়োজন আছে মেলায়। বিসিএসের এ মেলা চলবে ৮ মার্চ পর্যন্ত। খোলা থাকে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। বিস্তারিত: www.bcsictworld.com.bd।
—মো. রাফাত জামিল