চলছে তথ্যপ্রযুক্তির আন্তর্জাতিক প্রশিক্ষণ
ঢাকায় চলছে চার দিনের তথ্যপ্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা। বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশন এবং ইসলামিক এডুকেশনাল, সাইয়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসেস্কুর) যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে ঢাকা ব্যানবেইস কার্যালয়ে। গতকাল রোববার কর্মশালার উদ্বোধন করেন শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। এ সময়ে উপস্থিত ছিলেন আইসেস্কুর আঞ্চলিক পরিচালক আব্বাস সাদরি। সদস্য দেশগুলোর আইসিটি সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করছেন তথ্যপ্রযুক্তিবিদ মুনির হাসান এবং তথ্য নিরাপত্তা বিশেষজ্ঞ জাবেদ মোর্শেদ চৌধুরী। বাংলাদেশ ছাড়া কর্মশালায় ইরান, আফগানিস্তান, পাকিস্তান, মালয়েশিয়া, আজারবাইজান, ইন্দোনেশিয়া, তাজিকিস্তান ও মালদ্বীপের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। কর্মশালা ৩০ মে পর্যন্ত চলবে। —নিজস্ব প্রতিবেদক