চলছে থ্রিজি ও ফোরজি টেলিযোগাযোগ প্রযুক্তির প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিযোগাযোগ নেটওয়ার্ক প্রযুক্তি সরবরাহকারী চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি লিমিটেড বাংলাদেশে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের (থ্রিজি ও ফোরজি) টেলিযোগাযোগ প্রযুক্তি প্রদর্শন করছে। গত সোমবার থেকে এ প্রযুক্তি নিয়ে শুরু হয়েছে পাঁচ দিনের ভ্রাম্যমাণ প্রদর্শনী (রোড শো)। রাজধানীর স্থানীয় এক হোটেলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ এ প্রদর্শনীর উদ্বোধন করেন। ‘সিঙ্গেল কোর, লেস ইজ মোর হুয়াওয়ে কোর নেটওয়ার্ক গ্লোবাল ট্যুর ২০১০’ শিরোনামের এই প্রদর্শনী বিভিন্ন দেশে হুয়াওয়ের থ্রিজি প্রযুক্তির সক্ষমতা তুলে ধরছে। পরবর্তী প্রদর্শনী হবে রাশিয়ায়।প্রধান অতিথির বক্তব্যে টেলিযোগাযোগমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিগগির বাংলাদেশে থ্রিজি সেবা চালুর প্রক্রিয়া চলছে।প্রদর্শনীতে দর্শকদের হুয়াওয়ের ‘সিঙ্গেল কোর’ সমাধান প্রদর্শন করা হয়। বাংলাদেশের বাজারের জন্য এই সমাধান উপযোগী বলে জানানো হয়। বাংলাদেশের যেসব মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান দ্বিতীয় প্রজন্মের (টুজি) বা ২ দশমিক ৫জি প্রযুক্তিনির্ভর নেটওয়ার্ক পরিচালনা করে, তাদের নেটওয়ার্কে সামান্য উন্নয়ন করেই থ্রিজি সেবা প্রদান করা সম্ভব। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জিয়া আহমেদ বলেন, টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বিটিআরসি টেলিযোগাযোগ সেবা গ্রাহকদের সাধ্যের মধ্যে রাখতে একসঙ্গে কাজ করছে। অনুষ্ঠানে ঢাকায় চীনা দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর লিন উই কিয়াং, হুয়াওয়ে টেকনোলজিসের ভাইস প্রেসিডেন্ট ডং লি বিন, হুয়াওয়ে বাংলাদেশের প্রধান নির্বাহী ওয়ান্ডার ওয়াং এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বিটিআরসি ও বিভিন্ন মুঠোফোন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী শুক্রবার পর্যন্ত বিভিন্ন স্থানে প্রদর্শনীটি হবে। —অনিকা ফারাজানা