চলছে ধারণাপত্রের প্রাথমিক বাছাই

তরুণ শিক্ষার্থীদের জন্য আয়োজিত ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা-২০১৫-এ জমা পড়েছে ৭৪৩টি মোবাইল অ্যাপ্লিকেশনের ধারণাপত্র। এসব ধারণাপত্রের প্রাথমিক বাছাই কাজ শুরু হয়েছে গতকাল সোমবার। আগামীকাল বুধবার পর্যন্ত চলবে এই বাছাইয়ের কাজ। প্রাথমিকভাবে ৫০০টি ধারণাপত্র নির্বাচিত হবে। এর পর থেকে ধাপে ধাপে হবে অ্যাপের বিচারকাজ। ১১ ডিসেম্বর নির্বাচিত ৫০০ ধারণাপত্রের তালিকা ঘোষণা করা হবে প্রতিযোগিতার ওয়েবসাইটে (www.eatlapps.com)।
প্রাথমিক নির্বাচিত ধারণাপত্র নিয়ে ২০ ডিসেম্বর ঢাকায় কর্মশালার (বুট ক্যাম্প) আয়োজন করা হবে। সেখান থেকে ৩৫০টি অ্যাপস উত্তীর্ণ হবে প্রতিযোগিতার পরবর্তী পর্যায়ের উপস্থাপনার জন্য। আগামী ৯ ও ১০ জানুয়ারি হবে এই উপস্থাপনা।
গুলশানে প্রতিযোগিতার আয়োজক এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) প্রধান কার্যালয়ে জমা পড়া ধারণাপত্রের প্রাথমিক বাছাইয়ের কাজ চলছে। বাছাইকাজে অংশ নিচ্ছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক খলিলুর রহমান, এআইইউবির সিএসই বিভাগের প্রধান দীপ নন্দী, এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক রফিক মুহাম্মদ নাজমুজ শাহাদাত, ডেটাবেজ সফটওয়্যারের প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ কামালসহ অনেকে। এ সময় ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিচারক পর্ষদের সমন্বয়ক রাজেশ পালিত বলেন, এবারের ধারণাপত্র গতবারের তুলনায় অনেক বেশি পরিপক্ব। বেশি জমা পড়েছে শিক্ষা, গেম, স্বাস্থ্য ও পরিষেবা বিভাগে। —রাহিতুল ইসলাম