চলছে না গাইবান্ধার ইউনিয়ন তথ্যকেন্দ্রগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা জেলার বেশির ভাগ ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) এখন সাইনবোর্ডসর্বস্ব। তথ্যসেবা দূরের কথা, এসব তথ্যকেন্দ্র সম্পর্কে বেশির ভাগ মানুষই জানে না। বেশ কটি ইউনিয়ন তথ্যকেন্দ্রে বিদ্যুতের সংযোগ পর্যন্ত নেই। এ ছাড়া কোনো কোনো ইউনিয়নে কম্পিউটার সামগ্রী ব্যবহার করা হয় না। ফলে, উদ্যোক্তারা (তথ্যকেন্দ্রের পরিচালক) হাত গুটিয়ে বসে আছেন।জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার সহযোগী প্রকল্পের (এলজিএসপি) আওতায় গাইবান্ধা সদর, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার মোট ৮২টি ইউনিয়নের প্রতিটিতে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ইন্টারনেট মডেম, ওয়েব ক্যামেরা সরবরাহ করা হয়। গত বছরের নভেম্বরে সারা দেশের মতো গাইবান্ধার ইউনিয়ন পরিষদ ভবনগুলোতেও গড়ে ওঠে ইউআইএসসি। প্রতিটি ইউনিয়নে একজন নারী ও একজন পুরুষ উদ্যোক্তা কেন্দ্র পরিচালনা করেন। কেন্দ্রের আয় থেকে তাঁরা পান সম্মানী-ভাতা।খোঁজ নিয়ে দেখা গেছে, জেলার বেশির ভাগ তথ্যকেন্দ্রেরই অবস্থা বেহাল। কেন্দ্রগুলোতে কম্পিউটার, ইন্টারনেট সংযোগ—সবই আছে। কিন্তু কোনোটিরই কোনো কার্যক্রম নেই। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র থেকে সেবা দেওয়ার কথা মানুষ জানে না। কেন্দ্রের ইউপিএস নষ্ট হয়ে আছে। ইন্টারনেট সংযোগ চালু রাখার কোনো টাকা নেই। উদাখালী গ্রামের শিক্ষক আমিনুল ইসলাম বলেন, ‘ইউনিয়ন পরিষদের পাশেই আমার বাড়ি। কিন্তু কোনো লোককে তথ্যসেবা নিতে দেখিনি।’ এই কেন্দ্রের উদ্যোক্তা আবদুল কাদের বলেন, ‘কেন্দ্রে কোনো লোকজন আসে না। দুই-চার দিন কম্পোজের কাজ করে প্রতি মাসে গড়ে আয় হয় ৪০০ টাকা। উদাখালী ইউপি চেয়ারম্যান আবদুল বাকী সরকার বলেন, বিভিন্ন সভা-সমাবেশে মানুষকে তথ্যসেবা নিতে আহ্বান জানানো হচ্ছে।সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তথ্যকেন্দ্রে বিদ্যুতের সংযোগ নেই। সৌরবিদ্যুৎ দিয়ে কম্পিউটার চালানো হয়। স্থানীয়সংস্কৃতিকর্মী সোলায়মান হোসেন বলেন, ‘তথ্যকেন্দ্র চালু রাখার ব্যাপারে কারও কোনো উদ্যোগ নেই।’ কেন্দ্রের উদ্যোক্তা রবিউল ইসলাম বলেন, জন্মনিবন্ধনের কাজ করে প্রতি মাসে গড়ে এক থেকে দেড় হাজার টাকা আয় হচ্ছে। আয়ের অর্ধেকই খরচ হয় প্রিন্টারের কালি কেনা ও মেরামতে।ধাপেরহাট ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল জলিল বলেন, লোক না আসায় কেন্দ্রগুলোয় অচলাবস্থার সৃষ্টি হয়েছে।সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়ন তথ্যকেন্দ্রের সাইনবোর্ড আছে, ভেতরে কোনো মালামাল নেই। কেন্দ্রের উদ্যোক্তা বুলবুল মিয়া বলেন, কম্পিউটার নষ্ট। তথ্যকেন্দ্র খুলে বসে থেকে লাভ কী? জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বলেন, ‘আগের চেয়ারম্যানের আমলে একটি কম্পিউটার কেনা হয়। সেটি কেনার দু-এক মাসের মধ্যে নষ্ট হয়ে যায়। এখন সেটি মেরামত করার উদ্যোগ নেওয়া হয়েছে।’ জেলার অন্যান্য ইউনিয়নেরও একই অবস্থা। গাইবান্ধার ইউআইএসসি সম্পর্কেজেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের তৎপরতার অভাবে তথ্যকেন্দ্রগুলো চলছে না। তবে তথ্যকেন্দ্র জনপ্রিয় করে তোলার জন্য চেয়ারম্যান ও উদ্যোক্তাদের কর্মশালার আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে একটি উপজেলায় কর্মশালা করা হয়েছে। কর্মশালার ফলে কয়েকটি তথ্যকেন্দ্র সচল হয়েছে। —শাহাবুল শাহীন, গাইবান্ধা