চলছে বেসিস নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্য চেঞ্জ মেকারস প্যানেল
দ্য চেঞ্জ মেকারস প্যানেল

দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) তিন বছর মেয়াদি (২০১৬-১৯) কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ভোট নেওয়া হচ্ছে। আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ভোট চলবে।
এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৫১৬। এর মধ্যে সাধারণ ক্যাটাগরিতে ৩৬৮ জন ও অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে ১৪৮ জন ভোটার রয়েছেন।
মোট ২২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। এর মধ্যে জেনারেল ক্যাটাগরিতে আটটি পদের ২০ জন এবং অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে এক পদের বিপরীতে দুজন নির্বাচন করছেন।
এবার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে আতিক-ই-রাব্বানী এবং সদস্য হিসেবে এস এস কামাল ও নাজিম ফারহান চৌধুরী দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে এ তৌহিদ এবং সদস্য হিসেবে রফিকুল ইসলাম রাউলি ও ফোরকান বিন কাশেম রয়েছেন। 

নির্বাচনে মূলত দুটি প্যানেল অংশ নিচ্ছে। ডিজিটাল ব্রিগেড প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন আনন্দ কম্পিউটারসের মোস্তাফা জব্বার ও দ্য চেঞ্জ মেকারস প্যানেলের নেতৃত্বে আছেন মাইক্রোসফট বাংলাদেশের সোনিয়া বশির কবির।
ডিজিটাল ব্রিগেড প্যানেলে রয়েছেন রাসেল টি আহমেদ, ফারহানা এ রহমান, এম রাশিদুল হাসান, মো. মোস্তাফিজুর রহমান, রিয়াদ এস এ হোসাইন, এ কে এম আহমেদুল ইসলাম, দেলোয়ার হোসেন এবং সহযোগী সদস্য হিসেবে উত্তম কুমার পাল।

ডিজিটাল ব্রিগেড প্যানেল
ডিজিটাল ব্রিগেড প্যানেল


প্যানেল প্রসঙ্গে মোস্তফা জব্বার প্রথম আলোকে বলেন, ‘ভারসাম্যপূর্ণ সমন্বিত একটি প্যানেল দিয়েছি। ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে এ প্যানেল কাজ করবে। যেহেতু বাংলাদেশের সফটওয়্যার বাজার বড় হচ্ছে, সে ক্ষেত্রে স্থানীয় ও দেশীয় সফটওয়্যারকে অধিক গুরুত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।’
দ্য চেঞ্জ মেকারস প্যানেলে রয়েছেন মোস্তফা রফিকুল ইসলাম, সুফি ফারুক ইবনে আবু বকর, সৈয়দ আলমাস কবির, আজমল হক, নাজমুল করিম চৌধুরী, সাব্বির রহমান, মো. সাইদুল ইসলাম মজুমদার ও সহযোগী সদস্য জামান খান ৷
চার স্বতন্ত্র প্রার্থী হলেন মো. এনামুল হক, রাশাদ কবির, খন্দকার আবদুল হাফিজ ও আবদুল মতিন ভূঁইয়া।
সোনিয়া বশির কবির বলেন, দ্য চেঞ্জ মেকারস প্যানেল স্লোগান হিসেবে নিয়েছে ‘মেম্বারস ফার্স্ট’। বেসিস সদস্যদের স্বার্থ সংরক্ষণের বিষয়টিকে সামনে আনতে চায় এ প্যানেল।