চলছেইউরোপীয় ১৩টি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা-আলাপ
ঢাকায় চলছে ইউরোপীয় ১৩টি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশি প্রতিষ্ঠানের ব্যবসায়-আলাপ (বিজনেস টু বিজনেস ম্যাচমেকিং)। গতকাল বুধবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) কার্যালয়ে এ আয়োজন শুরু হয়। দুই দিনের এ আয়োজন শেষ হবে আজ। বেসিসের উদ্যোগে এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই), আইটিসি জেনেভা, সিবিআই-নেদারল্যান্ডস এবং ঢাকার নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় নেদারল্যান্ডস ট্রাস্ট ফান্ড টু (এনটুএফ-২) প্রকল্পের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। গতকাল দুপুরে ঢাকার নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত গার্বেন সোয়ার্ড ডে জং এবং ডিসিসিআইয়ের সভাপতি মো. সবুর খান দ্বিপক্ষীয় এসব বৈঠক পরিদর্শন করেন। এ সময় বেসিসের সভাপতি এ কে এম ফাহিম মাশরুর, মহাসচিব রাসেল টি আহমেদসহ অনেকেই উপস্থিত ছিলেন। মো. সবুর খান প্রথম আলোকে বলেন, ‘ডিসিসিআইয়ের সহযোগিতা পেলে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান দেশে কাজ করার ব্যাপারে আগ্রহী হয়। তাই আমরা এ সহযোগিতা দিচ্ছি।’ এ কে এম ফাহিম মাশরুর জানান, এ কার্যক্রমে ডেনমার্কের সাতটি ও নেদারল্যান্ডসের ছয়টি প্রতিষ্ঠান বাংলাদেশের ৫০টি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক নানা বিষয়ে আলোচনা করছে। দুই দিনে মোট ২০০টির মতো বৈঠক হবে।প্রথম দিন প্রায় ১৫০টি অনুষ্ঠিত হয়েছে।—নুরুন্নবী চৌধুরী