চলতি মাসেই আসছে গুগল টিভি
চলতি মাসেই বাজারে আসছে গুগল টিভি। বিশ্বের দ্বিতীয় বৃহৎ টিভি নির্মাতা প্রতিষ্ঠান এলজি ইন্টারনেটনির্ভর গুগল টিভি বাজারে আনছে বলে জানা গেছে। শুরুর দিকে এ টিভি শুধু যুক্তরাষ্ট্রের বাজারে পাওয়া যাবে। ২১ মে যুক্তরাষ্ট্রের বাজারে আসছে গুগল টিভি—এমনই জানিয়েছে এলজির একজন কর্মকর্তা। গুগলের অপারেটিং সিস্টেমচালিত এ টিভিতে গুগলের সব ধরনের সেবা পাওয়া যাবে। এর পাশাপাশি ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবের ভিডিও সরাসরি দেখা যাবে এ টিভিতে। অন্য প্রতিষ্ঠানের ইন্টারনেট সুবিধাযুক্ত টেলিভিশন বাজারে আসার আগেই গুগলের টিভি বাজারে আসছে। এ ছাড়া এর আগে আগামী বছরের শুরুতে বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল নিজেদের স্মার্ট টেলিভিশন আইটিভি বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। এ ক্ষেত্রে গুগলের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে অ্যাপল থাকবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। এলজি টিভি বিজনেস ইউনিটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রো সিওঘো জানান, খুব শিগগির এলজি ইউরোপ এবং এশিয়ার বাজারে গুগল টিভির বিপণন কৌশল ঠিক করবে। আর তাই এ মুহূর্তে গুগল টিভির বিপণন কৌশল সম্পর্কে কিছু জানায়নি এলজি। এ ছাড়া এই টিভির আকার, আকৃতি, দাম—কোনো বিষয়েই কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। ইন্টারনেট টিভির এ আগমন টিভি দেখার সংস্কৃতিকেই পরিবর্তন করে দেবে বলে মনে করছেন প্রযুক্তি বাজারের বিশেষজ্ঞরা। আর নতুন প্রযুক্তির এ সুবিধা পেতেই এখন অপেক্ষা।—রয়টার্স অবলম্বনে কাজী আশফাক আলম