চলতে চলতে টেসলার বৈদ্যুতিক গাড়িতে আগুন

টেসলার ‘এস প্লাড’ মডেলের বৈদ্যুতিক গাড়িটি দ্রুত অগ্নিগোলকে রূপ নেয়। ছবিটি আইনি সেবাদাতা গেরাগস অ্যান্ড গেরাগসের কাছ থেকে সংগ্রহ করে রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রতিষ্ঠান টেসলার ‘এস প্লাড’ মডেলের একটি বৈদ্যুতিক গাড়িতে গতকাল বৃহস্পতিবার চলতে চলতে আগুন ধরে যায়। গাড়ির মালিক সে সময় গাড়ি চালাচ্ছিলেন। বার্তা সংস্থা রয়টার্সকে তাঁর আইনজীবী বলেছেন, দুর্ঘটনার দিন তিনেক আগে ১ লাখ ৩০ হাজার ডলার মূল্যের গাড়িটি কেনেন তিনি।

আগুন ছড়িয়ে পড়লে গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করেন চালক। তবে বৈদ্যুতিক দরজা অকেজো হওয়ায় শুরুতে তাঁর চেষ্টা বিফল হয়। এরপর তিনি জোর খাটিয়ে বেরোতে পেরেছেন। চালকের নাম প্রকাশ করা না হলেও ‘একজন নির্বাহী উদ্যোক্তা’ হিসেবে উল্লেখ করেন তাঁর আইনজীবী মার্ক গেরাগস।

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গাড়ির মালিকের বাড়ির কাছাকাছি দুর্ঘটনাটি ঘটে। সেটি আবাসিক এলাকা। আগুন লাগার পর ৩৫ থেকে ৪০ ফুট এগিয়ে যায় গাড়িটি। এরপর অগ্নিগোলকে রূপ নেয়।

গেরাগস বলেন, ‘এটা ভয়ংকর অভিজ্ঞতা। এটা ব্র্যান্ড নিউ মডেল। আমরা তদন্ত করছি। শেষ না হওয়া পর্যন্ত এস প্লাড মডেলটি রাস্তায় না নামানোর আহ্বান জানাচ্ছি।’

গাড়িটির বিক্রি শুরু উপলক্ষে গত মাসে ক্যালিফোর্নিয়ার ফ্রিমন্টে আয়োজিত অনুষ্ঠানে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক বলেছিলেন, পোরশার চেয়ে গতিময়, ভলভোর চেয়ে নিরাপদ।

টেসলা মডেল এস প্লাড গাড়িটি সম্পর্কে ইলন মাস্ক বলেছিলেন, পোরশার চেয়ে গতিময়, ভলভোর চেয়ে নিরাপদ।
টেসলা

গত এপ্রিলে ইলন মাস্ক বলেছিলেন, নতুন মডেল এস সেডান এবং মডেল এক্স স্পোর্টস কারে নতুন ব্যাটারি প্যাক যুক্ত করা হয়েছে। সে ব্যাটারি যে নিরাপদ, তা-ও উল্লেখ করেন তিনি।

এদিকে স্থানীয় অগ্নিনির্বাপক কর্তৃপক্ষ ফেসবুকে এক পোস্টে জানায়, একটি টেসলায় আগুন ধরেছিল এবং অগ্নিনির্বাপণ প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন করতে তাদের ব্যাটারি ঠান্ডা করতে হয়েছে। পরে সে পোস্ট মুছে ফেলা হয়।

ঘটনাটি সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্ট সংস্থা এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ)। সরকারি সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, তথ্য বা তদন্তে যদি ত্রুটি বা নিরাপত্তাঝুঁকি ধরা পড়ে, তাহলে জনগণের সুরক্ষায় যথোপযুক্ত পদক্ষেপ নেবে এনএইচটিএসএ।