চলন্ত গাড়িতে তারবিহীন মুঠোফোন চার্জ
শিগগিরই গাড়ি চালানোর সময় তারবিহীন পদ্ধতিতে স্মার্টফোনে চার্জ দেওয়া যাবে। এ পদ্ধতিতে চার্জ দেওয়ার সময় কোনো চার্জার কিংবা অ্যাডাপ্টরের প্রয়োজন পড়বে না। গাড়িতে রাখা বিশেষ ওয়্যারলেস ম্যাট স্মার্টফোন চার্জে ব্যবহূত হবে। বিবিসির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা গাড়িতে চলার সময় তারবিহীন পদ্ধতিতে মুঠোফোন চার্জ দেওয়ার প্রযুক্তি উদ্ভাবন করেছে। পদ্ধতিটির নাম ‘চি’। এটি মূলত চুম্বকীয় পদ্ধতি। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ২০০৮ সালে ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়াম নামের একটি সংস্থা একশোর বেশি ফোন ব্র্যান্ডের সঙ্গে একটি চুক্তি করে এবং ওয়্যারলেস পাওয়ারের একটি সর্বজনীন মান দাঁড় করায় যা ‘চি’ নামে পরিচিত।টয়োটার আভালন সেডান মডেলের গাড়িতে এ পদ্ধতি ব্যবহূত হবে। ২০১৩ সালে এ গাড়ি বাজারে আনবে টয়োটা।প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, বর্তমানে ‘চি’ প্রযুক্তি সমর্থন করে এমন ৩৪ টি মডেলের স্মার্টফোন বাজারে পাওয়া যায়। উল্লেখ্যযোগ্য স্মার্টফোন মডেলগুলো হচ্ছে- এলজি গুগল নেক্সাস ৪, নকিয়া লুমিয়া ৯২০ ও এইচটিসি উইন্ডোজ ফোন ৮এক্স। অন্যান্য স্মার্টফোনে অ্যাড অন পদ্ধতি ব্যবহার করে তারবিহীন উপায়ে চার্জ দেওয়া যাবে।গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরসও তারবিহীন পদ্ধতিতে গাড়িতে মুঠোফোন চার্জ পদ্ধতি চালু করার পরিকল্পনা করেছে।প্রসঙ্গত, ইসরায়েলের পাওয়ারম্যাট টেকনোলজি তারবিহীন পদ্ধতিতে চার্জ দেওয়ার ম্যাট তৈরি করে।গবেষকেরা জানিয়েছেন, অনেক প্রতিষ্ঠানই গাড়িতে তারবিহীন চার্জিং পদ্ধতি চালু করতে কাজ করছে।