চলুন অ্যাপ দিয়ে সিনেমা বানাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপ দিয়ে মুঠোফোনেই করে ফেলা যাবে ভিডিও সম্পাদনার কাজ। ছিব: প্রজন্ম ডটকম
অ্যাপ দিয়ে মুঠোফোনেই করে ফেলা যাবে ভিডিও সম্পাদনার কাজ। ছিব: প্রজন্ম ডটকম

বড় বড় অনেক কাজই করা যাচ্ছে হাতের মুঠোয় থাকা স্মার্টফোন দিয়ে। এগুলো করে দেয় নানা রকম অ্যাপ্লিকেশন বা অ্যাপ। স্মার্টফোনে ছবি তোলা যায়, ভিডিও করা যায়, বানানো যায় অ্যানিমেশন, তোলা যায় সুরের মূর্ছনা—সৃজনশীল যে কেউ এসব সুবিধা নিয়ে একটা সিনেমাই বানিয়ে ফেলতে পারেন। 
সাধারণত সিনেমা নির্মাণে বড় বাজেটই প্রয়োজন। পরিচালক, অভিনেতা-অভিনেত্রী তো আছেই, আরও আছে ক্যামেরা, ভিডিও সম্পাদনা, শব্দ সংযোজনসহ নানা কিছু। এ সিনেমা তৈরির কাজটিও কিন্তু ছোট অ্যাপ দিয়ে করা সম্ভব। সিনেমা কিংবা মিউজিক ভিডিও তৈরির ক্ষেত্রে যা প্রয়োজন তার অ্যাপ এখন অ্যাপ স্টোরেই আছে।

.
.

ভিডিও করা
বর্তমানে স্মার্টফোনের ক্যামেরায় হাই ডেফিনেশন ভিডিও চিত্রধারণের সুবিধা থাকে। রয়েছে ‘ভাইন’ নামের একটি ছোট অ্যাপ। এটি দিয়ে ছোট ভিডিও করে সেটি আবার সামাজিক যোগাযোগের সাইটেও রাখা যায়। আরেকটি অ্যাপ ‘সিনেমাটিক’। এটি দিয়ে বিভিন্ন ভিডিওচিত্র ব্যবহার করে সিনেমা তৈরি করা সম্ভব। আরও আছে ইনস্টাগ্রাম, ভিডি, ডাইরেক্টর, লাইট, কিউউইকি, সোশ্যাল ক্যাম, ক্রাউডস ইত্যাদি। এ অ্যাপগুলো বিনা মূল্যেই অ্যাপ স্টোরে পাওয়া যাবে এবং পছন্দমতো ভিডিও করা যাবে।

ভিডিও সম্পাদন
ভিডিও হলো—এবার যা প্রয়োজন সেটি হচ্ছে সে ভিডিওটি সঠিকভাবে সম্পাদনা করে ইচ্ছেমতো সাজিয়ে নেওয়া। ভিডিও সম্পাদনারও দারুণ সব অ্যাপ রয়েছে। এমন একটি অ্যাপ হচ্ছে ‘আইমুভি’। এ অ্যাপের সাহায্যে ভিডিও সম্পাদনার পাশাপাশি ভিডিও টাইটেল, সংগীত, মুভি ট্রেলার ইত্যাদি করা যাবে। এমন আরেকটি অ্যাপ হচ্ছে ‘পিনাকল স্টুডিও’। এ ধরনের আরও কিছু অ্যাপের মধ্যে রয়েছে ভিডট্রিম, মুভি উইথ টাচ, ভিডিওফ্যাক্স লাইভ, ভিডিও শো: ভিডিও এডিটর অ্যান্ড মেকার, ভাইভা ভিডিও ইত্যাদি।

.
.

বিশেষ আবহ
বিশেষ আবহ বা স্পেশাল ইফেক্ট দিতে চাইলেও নিতে পারেন অ্যাপের সাহায্য। এ কাজটিও করার জনপ্রিয় একটি অ্যাপ ‘এফএক্স গুরু’। মোবাইল ভিডিওতে দারুণ সব বিশেষ আবহ দেওয়া যায় এ অ্যাপ দিয়ে। বৈজ্ঞানিক কল্পকাহিনিতে ব্যবহৃত স্পেশাল ইফেক্ট, মোশনম্যাচ প্রযুক্তি, ভার্চুয়াল ইফেক্ট ইত্যাদি কাজগুলোও করে দেবে এই অ্যাপ। আরেকটি অ্যাপ হচ্ছে ‘সিনেফাই’। এই অ্যাপ দিয়ে শতাধিক ইফেক্ট দেওয়া যাবে। ভিডিও ক্লিপে সংগীত সুবিধা যোগ করে তাতে শুধু বিশেষ এ ইফেক্ট জুড়ে দিলেই হবে। এ ধরনের আরও কিছু অ্যাপের মধ্যে রয়েছে রিল ডিরেক্টর, আইমোশন এইচডি, ভিডিও এডিটর, পারফেক্ট ভিডিও, স্প্লিস ভিডিও এডিটর, দ্য মুভি মেকার, কিউট কাট ইত্যাদি।
শব্দ সম্পাদনা
আগের কাজগুলো করার পর এবার নজর দিতে হবে শব্দে। শব্দ সম্পাদনা বা সাউন্ড এডিটিংয়ের জন্য আছে ‘অ্যাকুয়েস্টা’। এটি দিয়ে শব্দধারণ, সম্পাদনা, মিক্সিং, মাস্টারিং, ব্যাচ প্রসেসিং, মাল্টিট্র্যাক এডিটিং, অডিও ইফেক্ট ইত্যাদি কাজ করা যাবে। আরেকটি অ্যাপ হচ্ছে ‘অডিও টুল’। ১৪টি বিশেষ ইফেক্টের সাহায্যে এটি সম্পাদনার কাজ করে দেবে। এ ছাড়া সম্পাদনা শেষে এমপিথ্রি আকারে ফাইল তৈরি করেও নেওয়া যাবে। এ কাজের জন্য আরও কিছু অ্যাপ হলো অডাসিটি, টিউনকিটেন, এমপিথ্রি কাটার, অডিও জোনির, রিয়াপার, ওয়েভপেড, অ্যান্ড্রয়েড অডিও এডিটর, অ্যাডব অডিশন, এবিলেটন লাইভ, আইট্যাগ ইত্যাদি।

.
.

সাউন্ড মিক্সিং
সাউন্ড মিক্সিংয়ের জন্য দারুণ অনেক অ্যাপ রয়েছে। এ কাজের জন্য প্রয়োজনীয় অ্যাপ হচ্ছে ‘মিক্সপ্যাড মিউজিক মিক্সার’। যে গান কিংবা শব্দের ফাইলটি মিক্সিং করতে হবে, সেটি সরাসরি অ্যাপে নিয়ে ইচ্ছেমতো কাজ করা যাবে এবং উন্নত অডিও ফাইলও পাওয়া যাবে। এ কাজের জন্য আরেকটি অ্যাপ হচ্ছে ‘ডিজে’। এটি নবীন বা অভিজ্ঞ যে কেউই ব্যবহার করতে পারেন। অ্যালবাম আর্ট থেকে শুরু করে অন্যান্য কাজ সহজেই করা যাবে এটি দিয়ে। আরও অ্যাপ হলো ভার্চুয়াল ডিজে হোম, ট্রাক্টর ডিজে, ইডজিং, ক্রস ডিজে, পকেটডিজে ভিন্টেজ ইত্যাদি।
অ্যানিমেশন শিখুন
মূলধারার সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে অ্যানিমেশন সিনেমাও জনপ্রিয় হচ্ছে, বড় বড় পুরস্কার জিতে নিচ্ছে। অ্যানিমেশনের হাতেখড়ি স্মার্টফোনে অ্যাপের মাধ্যমে নিতে পারেন। এমন একটি অ্যাপ হচ্ছে ‘স্টপ মোশন: অ্যানিমেশন মেকার’। এটি দিয়ে অ্যানিমেশনের নানা ধরনের পদ্ধতি অনুসরণ করে তৈরি করা যাবে ম্যাজিক ফিল্ম। সহজ ইন্টারফেস, দারুণ ক্যামেরা গাইড এসব কাজে সাহায্য করবে এ অ্যাপে। এমন আরেকটি অ্যাপ হচ্ছে ‘পিক্সেল স্টুডিও: অ্যানিমেশন মেকার’। এ অ্যাপের সাহায্যে সহজে কিছু এঁকে ফ্রেম তৈরি করে অ্যানিমেশন আকারে প্রকাশ করা যায়। অ্যানিমেশনের জন্য আঁকা শেষে ভিডিওটি ৭২০ পিক্সেলে এমপি ফোর ফরম্যাটে সংরক্ষণ করে সহজেই চালানো যাবে। এ ধরনের আরও কাজের কিছু অ্যাপসের মধ্যে রয়েছে স্টিকড্র: অ্যানিমেশন মেকার, অ্যানিমেশক ক্রিয়েটির এইচডি, অ্যানিমেশন ডেস্ক, টুনাস্টিক, অ্যানিমেশন এক্সপ্রেস, কার্টুন স্টুডিও ইত্যাদি।

শুরুটা তো হোক
পেশাদার ভিডিও সম্পাদক নাদিম-উল-হক বলেন, ‘সিনেমা আসলে একটি বড় মিডিয়া। এ ছাড়া সিনেমার একটি নির্দিষ্ট ভাষাও রয়েছে। তবে আধুনিক প্রযুক্তির এসব অ্যাপ সুবিধা ব্যবহার করে কিন্তু নতুনরা পরীক্ষামূলক তথ্যচিত্র বানাতে পারেন। সেটি যদি তাঁরা সামাজিক মাধ্যমে ছেড়ে দেন, তাহলে নিজের কাজের ব্যাপারে অন্যদের মতামত পাওয়া যাবে। এদিক দিয়ে এটি খুব ভালো।’