চলুন খেলি বিলিয়ার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিলিয়ার্ড থিমের পুলের সবচেয়ে জনপ্রিয় সংস্করণ এইট বল পুল। কম্পিউটার বা মুঠোফোনের জন্য উপযোগী গেমটি বেশ পুরোনো হলেও এখনো জনপ্রিয়তার প্রতিযোগিতায় বেশ ভালোভাবেই টিকে আছে। যাঁরা এইট বল গেমের সঙ্গে ইতিমধ্যে পরিচিত তাঁদের জন্য মূলত খেলার নিয়মকানুনে নতুন কিছুই নেই, কিন্তু তারপরও গেমের প্রতিযোগিতার ধরন গেমারের আকর্ষণ ঠিকই ধরে রাখবে।

যেমনটা বলা হয়েছে, খেলার নিয়মটা একই। প্রথমে র‍্যাক ব্রেক করে সলিড বা স্ট্রাইপের মধ্যে যেকোনো একধরনের বল ঠিক করে নিয়ে তার সবগুলো বল পকেটে পাঠাতে হবে। সব শেষে খেলতে হবে ৮ নম্বর বল। তবে অনলাইনে এই গেমে প্রত্যেক গেমার একেকটি শট খেলার জন্য সময় পাবেন ৩০ সেকেন্ড করে। এর থেকে বেশি সময় নিলে হারাতে হবে শট নেওয়ার সুযোগ। তখন সুযোগ চলে যাবে পরবর্তী গেমারের কাছে। গেমটি খেলা যাবে অন্য কোনো বন্ধুর সঙ্গে কিংবা বিশ্বের যেকোনো দেশের যেকোনো একজন খেলোয়াড়ের বিরুদ্ধে। যেখানে বিশ্বের এত খেলোয়াড় যুক্ত সেখানে র‍্যাঙ্কিং এবং খেলার বিভিন্ন লেভেল থাকবে এটাই স্বাভাবিক। এই খেলাতেও তেমনি নিজের লেভেল বাড়ানোই মূলত গেমারের মনোযোগ গেমের প্রতি টিকিয়ে রেখেছে।

প্রত্যেকটি খেলায় গেমারের নিজস্ব কয়েন থেকে কিছু কয়েন বাজি ধরতে হবে, যেখানে খেলা শেষে বিজয়ী গেমার ফেরত পাবেন প্রায় দ্বিগুণ পরিমাণ কয়েন আর পরাজিত প্রার্থী হারাবেন বাজিতে লাগানো কয়েনগুলো। তবে জয় কিংবা পরাজয় উভয় ক্ষেত্রেই গেমার পাবেন কিছু অভিজ্ঞতা পয়েন্ট আর এই পয়েন্টগুলোই কাজে লাগিয়ে লেভেলের উন্নয়ন হবে।

১৭টি আলাদা ভাষা, ৫টি ভিন্ন দেশে গেমের লোকেশন কিংবা কয়েন সংগ্রহ করে রং-বেরঙের কিউ স্টিক কেনার সুবিধা গেমটিকে করেছে আরও আকর্ষণীয়। তুমুল জনপ্রিয় এই গেমটির রেটিংও বেশ ভালো। বিখ্যাত প্রোডাক্ট ও গেম রিভিউ এবং রেটিং প্রতিষ্ঠান সিনেট থেকে গেমটি রেটিং পেয়েছে ৮.৩ যেখানে গেমের সেটআপ তুলে নিয়েছে পূর্ণ ১০ রেটিং পয়েন্ট। সুতরাং বিলিয়ার্ড থিমের গেমের মজা নিতে এইট বল পুল গেমটি খেলার অভিজ্ঞতা নিশ্চয় ভালো হবে বলে আশা করা যায়।

নামানোর ঠিকানা

অ্যান্ড্রয়েড: https://goo.gl/6DLq8z

আইওএস: https://goo.gl/G1gCJy