চলে আমার সাইকেল...

যানজটের নগরে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় বসে থাকা অনেকের কাছেই এখন গা-সওয়া হয়ে গেছে। কারও কারও কাছে আবার বসে বসে এই সময় নষ্ট করার কোনো মানেই হয় না। তবে পথ তো আলাদা করার উপায় নেই। তাই নিজেরাই বেছে নিয়েছেন নতুন উপায়। সাইকেলে চেপেই বেরিয়ে পড়ছেন যেখানে খুশি।
ঢাকা শহরে অনেক তরুণ-তরুণী এখন সাইকেল চালাতে পছন্দ করেন। ক্যাম্পাসে যাতায়াত, বন্ধুদের সঙ্গে আড্ডায় যোগ দিতে বা নিজের শরীর ফিট রাখতে সাইকেলই এখন অন্যতম বাহন হয়ে উঠেছে তাঁদের। ঢাকা সিটি কলেজ থেকে সবে এইচএসসি পাস করেছেন সোমেশ্বরী পারমিতা। নিয়মিত সাইকেল চালাতে পছন্দ করেন। পারমিতার মতে, ‘সাইকেলই একমাত্র বাহন, যাতে আপনি অনায়াসে নিজের কাজগুলো ঠিকমতো সারতে পারবেন। যানজট এড়িয়ে সময়ের সঠিক ব্যবহার করতে পারবেন। এটা এখন আমার নেশা হয়ে গেছে।’
রাজধানীর সংসদ ভবন এলাকায় প্রতি শুক্রবার সকালে জড়ো হন একদল সাইকেলচালক। যাঁদের অধিকাংশই তরুণ শিক্ষার্থী। ফেসবুকভিত্তিক সংগঠন বিডি সাইক্লিস্ট গ্রুপের এই তরুণেরা সপ্তাহের এই দিনটাতে একত্র হয়ে ছুটে যান শহরের বেশ খানিকটা দূরে। এই দলের একজন সদস্য ঢাকা কলেজের শিক্ষার্থী মেহরাব হোসাইন জানান, ‘ঢাকায় বেড়ে ওঠা তরুণেরা নাকি গ্রামের দেখা পায় না। অথচ ঢাকা থেকে মাত্র ৩০ মিনিটের পথ পাড়ি দিলেই ঘুরে আসতে পারেন একটা আস্ত গ্রাম। কাদামাটির পথ, ধানখেত বা নদী—কী নেই সেখানে! যতবার যাই মুগ্ধ হয়ে ফিরে আসি।’
বিডি সাইক্লিস্ট গ্রুপের ইনিশিয়েটর মোজাম্মেল হক মনে করেন, ‘ঢাকা শহরের ছেলেমেয়েরা ঘরে বন্দী হয়ে থাকে। তাদের চেনা-জানার গণ্ডি তাই অনেকটা কম্পিউটার আর ছোট্ট ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ। যে কারণে তারা নানা ধরনের অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে। মাদক বা অন্য কিছুতে আসক্ত হয়ে পড়ছে। সাইকেল তাই তরুণদের একধরনের অ্যাডভেঞ্চার হতে পারে। নিজের মনকে আনন্দ দিতে বা শরীর ফিট রাখতে সাইকেল চালানো যেতে পারে।’ তাঁর সঙ্গে কথা বলে আরও জানা গেল, শুক্রবার সকাল ছয়টা নাগাদ গ্রুপের সবাই এসে জড়ো হন মানিক মিয়া অ্যাভিনিউ (সংসদ ভবন) এলাকায়। প্রায় ২৫০ জনের এই দলটা তারপর বেরিয়ে পড়ে ঢাকার যেকোনো একটা এক্সিট পয়েন্ট দিয়ে। কখনো মহম্মদপুরের বছিলা হয়ে কেরানীগঞ্জের দিকে, গাবতলী পার হয়ে হেমায়েতপুরের বাঁ দিক অথবা সাভার বা আশুলিয়ার নতুন কোনো গ্রামে। মাটির রাস্তা বা সবুজ ধানের খেত ধরে হয়তো কখনো নেমে পড়েন নদীতে। টুপটাপ, ঝুপঝাপ গোসল সেরে নেন অনেকে। তারপর আবার ফিরে আসা। আর তখনো ঢাকাবাসী থাকে অলস ঘুমে বিভোর। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল করিম নিয়মিত সাইকেল নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসেন। বনশ্রীর বাসা থেকে মাত্র ১৫ মিনিট হাতে নিয়ে বেরিয়ে পড়লেই ক্লাসে পৌঁছাতে দেরি হয় না তাঁর। নাজমুলের বন্ধু সুব্রত পাল বা ইয়াসিন হাসানও সাইকেল চালান। বন্ধুরা মিলে অনেক সময় সকালের নাশতাও সারতে যান বনশ্রী থেকে পুরান ঢাকায়। পথে বেশ জমিয়ে আড্ডাও হয় বলে জানান তাঁরা। সাইকেল চালানো যেমন শরীরের জন্য একধরনের ব্যায়াম, তেমনি সময় বাঁচিয়ে কাজ সারার জন্যও গুরুত্বপূর্ণ। অনেক শিক্ষার্থী তাই এখন ক্লাস-পরীক্ষার বাইরে আলাদা সময় নিয়ে ঘুরছেন নানা স্থান। দুই চাকার সাইকেলে চেপে হাওয়ায় উড়ছেন মনের আনন্দে। তারুণ্য মানেই তো অদম্য সাহস আর দুরন্তপনা। দুই চাকার সাইকেলে চেপে সেটা কি আরও বাড়িয়ে তোলা যায় না।