চলে গেলেন ডলবি সাউন্ডের প্রতিষ্ঠাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রে ডলবি
রে ডলবি

শব্দদুষণমুক্ত অডিও রেকর্ডিংয়ের অগ্রদূত ও ডলবি ল্যাবরেটরিসের প্রতিষ্ঠাতা রে ডলবি গতকাল বৃহস্পতিবার সানফ্রান্সিসকোতে ৮০ বছর বয়সে মারা গেছেন। বিবিসির এক খবরে বলা হয়েছে, তিনি কয়েক বছর ধরে অ্যালঝেইমার রোগে ভুগছিলেন এবং গত বছর তিনি লিউকেমিয়ায় আক্রান্ত হয়েছিলেন।

শব্দ, ভিডিও, চলচ্চিত্রের কণ্ঠস্বর প্রযুক্তি, হোম থিয়েটার, পিসি, মোবাইল ফোন, গেম—সব ক্ষেত্রেই ডলবি প্রযুক্তির ছোঁয়া রয়েছে। সাউন্ড সিস্টেমের জগতের পথপ্রদর্শক হিসেবে বিবেচনা করা হয় ডলবির প্রতিষ্ঠাতা রে ডলবিকে।

ডলবি যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডের অরেগনে জন্মগ্রহণ করেন এবং সানফ্রান্সিসকোতে বড় হন। ছাত্রাবস্থায়ে তিনি ভিডিও রেকর্ডিংয়ের উন্নয়নে কাজ শুরু করেন। ১৯৬৫ সালে লন্ডনে তিনি ডলবি ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেন। ১৯৮৯ সালে চলচ্চিত্রে তার অবদানের জন্য অস্কার পান। ১৯৯৫ সালে তিনি গ্র্যামি এবং ১৯৮৯ ও ২০০৫ সালে এমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন।

স্বপ্নদর্শী রোমাঞ্চকর

ডলবি নিজের সম্পর্কে বলতেন, ‘আমার কাছে মনে হতো আমি ১৯ শতকে জন্মে ভুল করেছি। কারণ আমার যন্ত্রপাতি খুব ভালো লাগে। আমার ইচ্ছা হয় গাড়ি, যানবাহন, ইঞ্জিন, সাইকেল, হেলিকপ্টার, প্লেন আবিষ্কার করব। কিন্তু আমার জন্মের আগেই সব উদ্ভাবন করা হয়ে গেছে। যান্ত্রিক সমস্যা সমাধান হওয়ার পর আমার জন্য থেকে গেছে ইলেকট্রনিক দুনিয়ার সব সমস্যা।’

‘আমার জীবন রোমাঞ্চে ভরপুর। জীবন উপভোগ করেছি আমি। সব সময় উদ্ভাবনের চিন্তা মাথায় রাখিনি। সারা দুনিয়া চষে বেড়িয়েছি। সেই অভিজ্ঞতার ফাঁকে ফাঁকে এসেছে উদ্ভাবনের সাফল্য। উদ্ভাবক হিসেবে সফল হতে গেলে অবশ্যই অনিশ্চিত উত্তর বা ফলাফলের সংশয়ের সঙ্গে বেঁচে থাকা শিখতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে এবং জানা উত্তরকেও সংশয়ের দৃষ্টিতে দেখতে হবে, যাতে তা ঠিক কি না যাচাই করা যায়।’

নিজের জীবন সম্পর্কে ডলবি বলেছিলেন, ‘কখনো পুরস্কারের পেছনে ছুটি বেড়াইনি। যা করেছি, মনপ্রাণ দিয়ে নির্খঁত করার চেষ্টা করে গেছি। বাকি সব এমনিতেই চলে এসেছে।’