চলে গেলেন বারকোডের উদ্ভাবক উডল্যান্ড
৯১ বছর বয়সে মারা গেছেন বারকোডের সহ-উদ্ভাবক নরম্যান জোসেফ উডল্যান্ড। তাঁর মেয়ের বরাতে বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়, ৯ ডিসেম্বর নিউ জার্সির নিজ বাসায় মারা যান তিনি।চল্লিশের দশকে উডল্যান্ড তাঁর বিশ্ববিদ্যালয়ের সহপাঠী বার্নার্ড সিলভারকে সঙ্গে নিয়ে তথ্য সংরক্ষণের জন্য নতুন একটি পদ্ধতি উদ্ভাবন করেছিলেন। বলা হয়, উডল্যান্ড তাঁর যুগের চেয়ে দুই দশক এগিয়ে ছিলেন।কোনো ক্যান বা প্যাকেটজাত পণ্যের গায়ে একসঙ্গে কয়েকটি কালো সরলরেখার যে দাগ, মূলত এটিই বারকোড নামে পরিচিত। বারকোডের মাধ্যমে কোনো পণ্য-সম্পর্কিত তথ্য কোড আকারে জুড়ে দেওয়া হয়; যা লেজারযুক্ত যন্ত্র পড়তে পারে। ১৯৪৯ সালের ২০ অক্টোবর বারকোডের উদ্ভাবক উডম্যান ও সিলভার ‘ক্লাসিফায়িং অ্যাপারেটাস অ্যান্ড মেথড’ নামে একটি পেটেন্টের আবেদন করেছিলেন। এ কোডের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো কোড পড়ার ব্যবস্থার কথা ছিল। ১৯৫২ সালের ৭ অক্টোবর এ পেটেন্ট অনুমোদন দিয়েছিল যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিস।যুক্তরাজ্যের বারকোড নিয়ন্ত্রক প্রতিষ্ঠান জিএস১ জানিয়েছে, সারা বিশ্বে বর্তমানে ৫০ লাখের বেশি ভিন্ন ভিন্ন বারকোড ব্যবহূত হচ্ছে। ১৯৫২ সালে যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিস এ কোডটির পেটেন্টের অনুমতি দিলেও ১৯৭৪ সালের আগ পর্যন্ত এ কোড ব্যবহার শুরু হয়নি। কারণ, এ কোড পড়তে যে লেজারের প্রয়োজন পড়ত, তা তখনো সহজলভ্য ছিল না। যুক্তরাজ্যের বারকোড নিয়ন্ত্রক প্রতিষ্ঠান জিএস১-এর ভাষ্য, বর্তমানে বারকোডের স্থান করে নিচ্ছে কিউআর কোড। কিউআর কোড হচ্ছে দ্বিমাত্রিক চিত্রের আদলের এক ধরনের বিশেষ কোড। এ কোডের মধ্যে টেক্সট, ফোন নম্বর, ই-মেইল ঠিকানা থেকে শুরু করে বিশেষ বা উল্লেখযোগ্য ঘটনার তারিখও দেওয়া থাকে। এ ধরনের কোড মুঠোফোনের সাহায্যে স্ক্যান করা হলে ওয়েবসাইট লিংক তৈরি করতে পারে এবং স্মার্টফোনের পর্দায় সংশ্লিষ্ট তথ্য দেখাতে পারে। কিউআর কোড বারকোডের চেয়ে বেশি তথ্য ধারণ করে। ১৯৭৪ সালে প্রথমবারের মতো চুয়িংগামের প্যাকেটে বারকোড স্ক্যান করা হয়েছিল। তবে বারকোডের ব্যবহার ওই সময় ততটা জনপ্রিয়তা পায়নি। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে শরীরের উল্কি হিসেবে বারকোডের ব্যবহার শুরু হয়েছে। চলতি বছরের ৭ অক্টোবর বারকোড পেটেন্টের ৬০তম জন্মদিন পালিত হয়েছে। জানা গেছে, বর্তমানে প্রতিদিন ৫০০ কোটিবার বারকোড স্ক্যান করা হয়।বারকোডের উদ্ভাবক উডল্যান্ড ও সিলভার ২০১১ সালে যুক্তরাষ্ট্রের ন্যালনাল ইনভেন্টরস হল অব ফেমে স্থান পেয়েছিলেন।