স্টিভ জবসের পর এবার চলে গেলেন কম্পিউটার জগতের আরেক দিকপাল বিশ্বখ্যাত কম্পিউটার বিজ্ঞানী ডেনিস ম্যাক এলিস্টার রিচি। গত ১২ অক্টোবর ৭০ বছর বয়সে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে তিনি মারা যান। ১৯৪১ সালের ৯ সেপ্টেম্বর নিউইয়র্কে জন্ম নেওয়া এই কম্পিউটার বিজ্ঞানীর হাতেই জন্ম নিয়েছে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা ‘সি’। প্রোগ্রামিং ভাষা ‘সি’ নিয়ে ডেনিস রিচি ও ব্রায়ান কার্নিগানের লেখা জনপ্রিয় বই দ্য সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজকে ‘সি’ প্রোগ্রামিং ভাষার ‘আকড় গ্রন্থ’ হিসেবে বিবেচনা করা হয়। এ ছাড়া ডেনিস রিচি জনপ্রিয় অপারেটিং সিস্টেম ইউনিক্সের সহ-উদ্ভাবক। লিনাক্স, সোলারিস, বিএসডি, ম্যাক ওএসএক্স প্রভৃতি অপারেটিং সিস্টেম ইউনিক্স থেকে অনুপ্রাণিত। ইউনিক্স বিশ্বব্যাপী মুক্ত সফটওয়্যার (ওপেন সোর্স) আন্দোলনকে অনেক বেগবান করেছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জনকারী ডেনিস রিচির উদ্ভাবনীগুলো সফটওয়্যার স্থাপত্য ও সফটওয়্যার প্রকৌশলের গতিপথ অনেকখানিই পাল্টে দিয়েছে। অপারেটিং সিস্টেমের সাধারণ তত্ত্ব ও ইউনিক্স উদ্ভাবনের জন্য ১৯৮৩ সালে ডেনিস রিচি কম্পিউটারের নোবেলখ্যাত টিউরিং সম্মাননা লাভ করেন। তিনি সি ও ইউনিক্স উদ্ভাবনের জন্য ১৯৯০ সালে আইইইই রিচার্ড ডব্লিউউ হ্যামিং পদক, ১৯৯৮ সালে প্রযুক্তিক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা ‘জাতীয় প্রযুক্তি পদক’ পান। —বিবিসি ও উইকিপিডিয়া অবলম্বনে সুজয় দাস