চলে গেলেন সিলিকন ভ্যালির গোল্ডবার্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভ গোল্ডবার্গ
ডেভ গোল্ডবার্গ

সিলিকন ভ্যালিতে উদ্যোক্তা হিসেবে পরিচিত ডেভিড গোল্ডবার্গ গত শুক্রবার ৪৭ বছর বয়সে মারা গেছেন। তিনি ফেসবুকের শীর্ষ পর্যায়ের নির্বাহী কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গের স্বামী। খবর বিবিসি অনলাইনের।
গতকাল শনিবার সার্ভেমাঙ্কি নামের একটি প্রতিষ্ঠানের বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুর তথ্য জানানো হয়েছে। ওই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ছিলেন ডেভ। ফেসবুকে ডেভের ভাই রবার্টও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুটি বিবৃতিতে ডেভ ‘আকস্মিক’ মারা গেছেন শুধু এই তথ্যটুকু উল্লেখ করা হয়েছে।
ফেসবুকের নির্বাহী কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ ২০১৩ সালে তাঁর লেখা ‘লিন ইন’ বইটি ডেভ গোল্ডবার্গকে উৎসর্গ করেছিলেন। শেরিল তাঁর সম্পর্কে লিখেছেন, ‘ডেভের মতো সত্যিকারের একজন সঙ্গী এখন খুব দুর্লভ।’
সার্ভেমাঙ্কি তৈরিতে ডেভের কৃতিত্ব রয়েছে। ওই প্রতিষ্ঠানটি জরিপের কাজের জন্য অনলাইনে বিভিন্ন সফটওয়্যার তৈরি করে। ২০০৯ সালে এই প্রতিষ্ঠানটিতে যোগ দেন ডেভ। এর আগে তিনি ক্যাপিটল রেকর্ডস ও ইয়াহুতে কাজ করেছেন।

শেরিল তাঁর বইতে লিখেছেন, পারিবারিক জীবনে তাঁরা দুজন কাজ সমানভাবে ভাগাভাগি করে সম্পাদন করেন। ২০০২ সাল থেকে ডেভ ও শেরিলের মধ্যে সম্পর্ক তৈরি হয়। ২০০৪ সালে বিয়ে করেন তাঁরা। এক ছেলে ও এক মেয়ে রয়েছে এ দম্পতির।
২০১৩ সালে এক সাক্ষাৎকারে শেরিলের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে ডেভ বলেছিলেন, ‘আমরা একদিন একসঙ্গে রাতের খাবার খেয়ে ছবি দেখতে গিয়েছিলাম। ছবি দেখতে গিয়ে সে আমার কাঁধে ঘুমিয়ে পড়েছিল। সে মুহূর্তটি অসাধারণ ছিল। কিন্তু পরে আমি জেনেছিলাম, প্রতিটি ছবি দেখতে গিয়েই সে ওভাবে আমার কাঁধে ঘুমিয়ে পড়ত।’