চলো, সেলফি তুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসে প্রচণ্ড ভিড়। রড ধরে কোনোমতে ঝুলে আছি। বিশাল জ্যামে আটকে আছে বাস। একটি আদর্শ বিরক্তিকর পরিস্থিতির যতগুলো বৈশিষ্ট্য থাকা দরকার, তার সবই বিদ্যমান। এর মধ্যে পাশের যাত্রী আচমকা সামনে হাত বাড়িয়ে দিলেন। আমি চমকে উঠলাম। কী হলো? জ্যামবিরোধী স্লোগান দেবেন নাকি? একটু পর দেখি, তিনি মোবাইল ফোনে চোখমুখ উল্টে সেলফি তুলছেন। গল্প–উপন্যাসে চোখ কপালে ওঠার কথা পড়েছি, বাস্তবে এই প্রথম দেখলাম। ভ্রুর বর্ডার না থাকলে নিশ্চিতভাবে ভদ্রলোকের চোখ কপালে উঠে যেত। সেলফি শেষে তিনি যে  রাস্তায়‍ জ্যাম দূর বিরক্তিকর!’ লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করবেন, তা তো জানা কথা। বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, গণমাধ্যমের পর এসেছে সামাজিক যোগাযোগের মাধ্যম। আপলোড না করলে কি স্মার্ট হওয়া যাবে?

২.

‘সেল’ এবং ‘ফি’—আলাদাভাবে এই দুটো শব্দ অনেক দিন থেকেই শুনছি। তবে গত কয়েক বছরে এ দুটো শব্দের ঐক্যজোট ১৪ কিংবা ২০–দলীয় ঐক্যজোটের চেয়েও বেশি জনপ্রিয় হয়েছে। এখন তো সেলফি ছাড়া পৃথিবীর কথা কল্পনাও করতে পারেন না অনেকে। বাথরুমে, ঘরে, বাইরে, রিকশায়, গাড়িতে, জলে, স্থলে অন্তরীক্ষে সেলফি তুলছেন মানুষ (বারাক ওবামা তো নেলসন ম্যান্ডেলার শেষকৃত্য অনুষ্ঠানেও হাসিমুখে সেলফি তুলেছেন)। অবস্থা এমন যে ভবিষ্যতে ‘যেখানে সেখানে সেলফি তুলবেন না’ টাইপ সাইনবোর্ড দেখলেও কেউ অবাক হবেন না (উল্টো সেই সাইনবোর্ডের সামনেই সেলফি তুলবেন)। কদিন পর হয়তো মুরব্বিদের দৃষ্টিভঙ্গিও বদলে যাবে। দেখা হলেই বলবেন, ‘তুমি নিজের চেহারার দিকে একদম নজর দাও না, সেলফি–টেলফিও তোলো না নাকি আজকাল?’

বিশেষ করে সেলফিহীন বিয়ের অনুষ্ঠানের কথা আজকাল ভাবা যায় না। গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বর-কনের পরই বোধ হয় যুগ্মভাবে অবস্থান করছে সেলফি আর ফটোগ্রাফি। মঞ্চের সোফায় বর-কনে বসে থাকেন, অতিথিরা তাঁদের পাশে বসেই মোবাইল ফোন বের করেন। প্রত্যেকের ফোনে একবার করে সেলফি তোলা হয়। সবাই একবার বাঁয়ে তাকান, একবার ডানে।

এক বিয়ের অনুষ্ঠানে এমন দৃশ্য দেখে আমার বন্ধু বলছিল, ‘এদের মনে হয় ফটোগ্রাফারের ওপর আস্থা নেই। তাই সবাই নিজের ছবি নিজেই তুলছেন।’

সেলফি যে কত গুরুত্বপূর্ণ বিষয়, তা তাকে বোঝাতে গিয়ে আরেকটু হলেই প্রথম ব্যাচের খাওয়াটা মিস করছিলাম।

৩.

খাবার প্রসঙ্গ এলেও আজকাল সেলফির কথা স্বয়ংক্রিয়ভাবে চলে আসে। রেস্টুরেন্টে খেতে যাবেন, অথচ সেলফি তুলবেন না, তা কী করে হয়! অনেকে তো রেস্টুরেন্টে খেতে নয়, সেলফি তুলতেই যান। ভাবটা এমন যেন ‘খাওয়া হোক যেমন তেমন, সেলফি হোক ভালো’ এই নীতিতেই বিশ্বাসী তাঁরা।

আমার বন্ধু না বুঝলেও মানবজীবনে সেলফির গুরুত্ব পত্রিকাগুলো ঠিকই বুঝেছে। ‘কীভাবে একটি আদর্শ সেলফি তুলবেন’ টাইপের লেখা নিয়মিত ছাপা হচ্ছে পত্রিকায়। সেলফি তোলার সময় মাথার পজিশন কেমন থাকবে, হাত কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে (হয়তো অ্যাঙ্গেল ১৫ ডিগ্রির বেশি হলে বোলিং অ্যাকশনের মতো সেলফি অ্যাকশন নিষিদ্ধ হবে) ইত্যাদি নিয়ম থাকছে সেসব লেখায়। পোষা প্রাণীর সঙ্গে তারকাদের ঘরোয়া পরিবেশে তোলা সেলফিও প্রতিদিন বিশেষ গুরুত্বের সঙ্গে ছাপা হচ্ছে। অতএব সেলফি যে পাসপোর্ট সাইজ ছবির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তারকাদের পাসপোর্ট সাইজ ছবি তো কোনো দিন পত্রিকায় ছাপাতে দেখিনি। ভবিষ্যতে হয়তো পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজের ছবির বদলে সেলফি চাওয়া হবে। স্টুডিওগুলোর সাইনবোর্ডে লেখা থাকবে, ‘এখানে সেলফি তোলা হয়, আর্জেন্ট ডেলিভারি।’ সেলফির প্রদর্শনীও হতে পারে বিভিন্ন গ্যালারিতে (কে জানে, হয়তো এর মধ্যে হয়েও গেছে)।

৪.

সেলফির কল্যাণে বার্ধক্য আসার আগেই মানুষ লাঠি হাতে ঘোরাঘুরি করছে। সেলফি স্টিকের কথা বলছি। খালি হাতে আত্মরক্ষা যেমন কষ্টসাধ্য, তেমনি খালি হাতে সেলফি তোলাও বোধ হয় একটু কষ্টকর। তাই সেলফিবাজেরা ব্যবহার করছেন সেলফি স্টিক। এটা একদিক দিয়ে বেশ ভালো। আগে তরুণদের হাতে হকিস্টিক দেখা যেত। সে তুলনায় সেলফি স্টিক তো বেশ নিরাপদ। দেশের যা অবস্থা, প্রয়োজনে এটা আত্মরক্ষার কাজেও ব্যবহার করা যাবে। অন্ধকার গলিতে ছিনতাইকারী আক্রমণ করেছে, আপনি সেলফি স্টিক বের করে এক বাড়ি মেরেই দৌড় দিতে পারবেন! তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে অনেকে হয়রানির শিকারও হতে পারেন। ধরুন, ব্যাগের ভেতর সেলফি স্টিক নিয়ে যাচ্ছেন। সন্দেহজনক গতিবিধির কারণে পুলিশ আটকাল। ব্যাগ চেক করে সেলফি স্টিক পেয়েই ভালোমতো চেপে ধরল আপনাকে—

: এটা কী জিনিস?

: সেলফি স্টিক। ছবি তুলতে এটা লাগে আরকি।

: মশকরা করেন? ছবি তুলতে ক্যামেরা লাগবে, লাঠি কেন? অ্যাই, এরে আরও ভালোমতো চেক কর।

তখন মুখ বাঁকা করে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া করার কিছু থাকবে না। অবশ্য সেলফি তোলার সময়ও সবাই কেন যেন মুখ বাঁকা করে ফেলেন। ফলে যাঁদের মুখ আসলেই বাঁকা, চাইলে তাঁরা বলতেই পারেন, ‘আমি সব সময় সেলফি মুডে থাকি।’ কেউ কেউ আবার ‘ডাকফেস সেলফি’ তোলেন। প্রথমে শুনে আমি ভেবেছিলাম, এই সেলফির জনক পাকিস্তানের শহীদ আফ্রিদি। প্রায়ই তো ডাক মেরে ড্রেসিংরুমের উদ্দেশে লংমার্চ করেন তিনি। পরে ভুল বুঝতে পেরেছি। মুখটাকে হাঁসের মতো বানিয়ে সেলফি তোলাই ডাকফেস সেলফি। মানুষ আগে হাসিমুখে ছবি তুলত, এখন তোলে হাঁসমুখে। হাঁসদের অবশ্য এই সেলফি তুলতে মুখ বাঁকানোর ঝামেলায় যেতে হয় না। তারা সেলফি তুললেই সেটা ডাকফেস সেলফি হয়ে যায়। ইদানীং এই সেলফি যে হারে জনপ্রিয় হচ্ছে, ভবিষ্যতে বিসিএস পরীক্ষায় প্রশ্নও আসতে পারে—

ডাকফেস সেলফি কারা তোলে? ক. মানুষ খ. হাঁস গ. ‘ক’ ও ‘খ’ উভয়ই

৫.

তবে সেলফির কিন্তু একটা দার্শনিক ব্যাপারও আছে। সেলফি মনে করিয়ে দেয়, মানুষ মূলত একা। নিজের ঢোল নিজে পেটানোর মতো নিজের ছবি নিজে তোলাই এ যুগের নিয়ম। আহা, ছবি তোলার মতো সবাই যদি নিজের কাজটা নিজে করতেন! তাহলে কী আর এত সমস্যা থাকে? কিন্তু তা তো কেউ ঠিকভাবে করেন না। করবেনই বা কেন? নিজের কাজ নিজে করার চেয়ে নিজের ছবি নিজে তোলা তো অনেক সহজ। সহজ কাজ বাদ দিয়ে কঠিনটা করতে যাব কোন দুঃখে? সে জন্যই আমরা সেলফি তুলি। ভুলে যদি এই লেখা ছাপা হয়ে যায়, অবশ্যই লেখার দিকে আঙুল তাক করে মুখ বাঁকিয়ে চোখ উল্টিয়ে একটা সেলফি তুলতে হবে। এখন যৌবন যার, স্মার্ট হওয়ার তার শ্রেষ্ঠ সময়!