চশমায় গেম খেলার প্রযুক্তি
পরিধেয় গেম কনসোল তৈরির পরিকল্পনা করছে বিখ্যাত গেম-নির্মাতা প্রতিষ্ঠান ভালভ। ভালভের মুখপাত্র মাইকেল অ্যাবরাশ জানিয়েছেন, প্রতিষ্ঠানটি পরিধেয় প্রযুক্তির হার্ডওয়্যার তৈরি করছে, যা এখন গবেষণা ও নকশা পর্যায়ে রয়েছে। তিনি আরও জানিয়েছেন, ওয়্যারেবল বা পরিধানযোগ্য কম্পিউটিং মোবাইল কম্পিউটিংকে, যেখানে কম্পিউটারে তৈরি গ্রাফিকস ও বাস্তবের দুনিয়ার বিষয় দুটিই দেখা যাবে। এতে আলাদাভাবে গেম খেলার জন্য কোনো ডিসপ্লের প্রয়োজন পড়বে না। এটা হবে অনেকটা টার্মিনেটর ছবিতে দেখানো প্রযুক্তির মতো।মাইকেল অ্যাবরাশ জানিয়েছেন, আগামী ২০ বছরের মধ্যেই পরিধেয় প্রযুক্তির প্রভূত উন্নয়ন ঘটবে। গেম খেলার প্ল্যাটফর্মই পালটে যাবে, মানুষ গ্লাস বা কন্টাক্ট লেন্সের মাধ্যমে যোগাযোগে অভ্যস্ত হয়ে যাবে। বর্তমানে এ ক্ষেত্রটির উন্নয়নে অনেক কাজ বাকি থাকলেও এ প্ল্যাটফর্মটি দ্রুতই সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে।উল্লেখ্য, সম্প্রতি গুগল গ্লাস নামে এ ধরনের একটি ডিভাইস তৈরির ঘোষণা দিয়েছে গুগল। মাইক্রোসফটও এই প্রযুক্তি নিয়ে কাজ করছে বলে খবর রটেছে। পরিধেয় প্রযুক্তির উন্নয়নে এ বিষয়ের হার্ডওয়্যার বিশেষজ্ঞদের নিয়োগ দেওয়া শুরু করেছে ভালভ। কথা প্রসঙ্গে শিগগিরই পরিধেয় ডিভাইস বাজারে আনার ইঙ্গিত দিলেন অ্যাবরাশ।